বাংলাদেশ

গোপালগঞ্জে শ্রমিক নেতা হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড

প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২৬ ১২:৫৯

অভিযুক্তদের আদালতে নেওয়া হচ্ছে

গোপালগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী এবং ঝন্টু শেখ।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়ন অফিস থেকে মৌলভীপাড়ার নিজ বাসায় ফেরার পথে সাইদুর রহমান বাসুর ওপর হামলা চালানো হয়। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরদিন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর থানায় নিহত বাসুর ছোট ভাই জাসু শেখ হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ১২ জুলাই গোপালগঞ্জ সদর থানার উপ পরিদর্শক হযরত আলী ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

২০১৭ সালের ২৯ আগস্ট গোপালগঞ্জের দায়রা জজ আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ২০১৮ সালের ১৬ আগস্ট দ্রুত বিচার সম্পন্নের লক্ষ্যে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ এ স্থানান্তর করা হয়।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

বায়ান্ননিউজ২৪/সৈকত

বাংলাদেশ থেকে আরো পড়ুন