বিশ্ব

ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী সহ ৬ জন নিহত

প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২৬ ১২:৫৬

নিহত অজিত পাওয়ার

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় রাজ্যটির উপ মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা অজিত পাওয়ার নিহত হয়েছেন।

বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতি জেলায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত একাধিক জনসভায় যোগ দিতে রাজধানী মুম্বাই থেকে চার্টার্ড বিমানে করে বারামতির উদ্দেশে রওনা হন অজিত পাওয়ার। বিমানে তার সঙ্গে ছিলেন দুই পাইলট ও তিনজন দেহরক্ষী।

বারামতি বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে বিমানটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায় এবং বিমানে থাকা সবাই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার পর বিমানটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। উদ্ধারকাজে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী অংশ নেয়।

অজিত পাওয়ার মহারাষ্ট্রের প্রভাবশালী রাজনীতিক ও এনসিপির প্রতিষ্ঠাতা শারদ পাওয়ারের ভাতিজা। শারদ পাওয়ার বয়সজনিত কারণে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর পর দলটির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন অজিত পাওয়ার।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে ভারতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বায়ান্ননিউজ২৪/আবির

বিশ্ব থেকে আরো পড়ুন