বাংলাদেশ

নির্বাচনি প্রচারণায় সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৬ ১৮:৫৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি।

নির্বাচনি প্রচারণাকালে অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ নির্দেশনা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে, যা ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত চলবে। এই সময়ে রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে যেন কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও কামনা করা হয়েছে।

তিনি বলেন, সরকার একটি নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে চায়, যা ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকবে। এ লক্ষ্য বাস্তবায়নে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান অগ্রাধিকার।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ে অভিযোগ জানাতে নির্ধারিত টেলিফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগের আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, জনগণের আস্থা অর্জনই শান্তি রক্ষার মূল চাবিকাঠি। কোনো বেআইনি আদেশ, পক্ষপাতমূলক আচরণ বা স্বার্থান্বেষী কর্মকাণ্ডে জড়ানো যাবে না। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বেআইনি নির্দেশও মানা যাবে না বলে স্পষ্টভাবে উল্লেখ করেন তিনি।

সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি প্রচারণাকালে নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান এবং অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২ এর অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

বায়ান্ননিউজ২৪/সৈকত

বাংলাদেশ থেকে আরো পড়ুন