রাজনীতি

বিএনপি দুর্নীতিগ্রস্ত হলে তখন জামায়াত নেতারা মন্ত্রিত্ব ছাড়েননি কেন, প্রশ্ন তারেক রহমানের

প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৬ ১৮:১৫

বক্তব্য রাখছেন তারেক রহমান

বিএনপিকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করা রাজনৈতিক শক্তিগুলোর উদ্দেশে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময়ে যেসব দল আজ কঠোর সমালোচনা করছে, সেই দলটিরই দুই নেতা মন্ত্রিত্বে ছিলেন। বিএনপি যদি এতটাই খারাপ হতো, তাহলে তারা তখন পদত্যাগ করে সরকার ছাড়েননি কেন।

মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। বিকেল চারটার কিছু পর স্ত্রী ডা. জোবায়দা রহমানকে সঙ্গে নিয়ে তিনি মঞ্চে ওঠেন।

তারেক রহমান বলেন, বিএনপি সরকারে থাকাকালে বেগম খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। সে কারণেই তৎকালীন সরকারের মন্ত্রীরা জানতেন, দুর্নীতির কোনো সুযোগ সেখানে ছিল না। তিনি দাবি করেন, আন্তর্জাতিক বিভিন্ন সূচকে দেখা যায়, পরবর্তী সময়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকারের আমলেই দেশ সবচেয়ে বেশি দুর্নীতিতে ডুবে যায়।

তিনি আরও বলেন, যারা আজ বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে, সরকারের পুরো মেয়াদজুড়ে তাদের দুই মন্ত্রীর বহাল থাকা প্রমাণ করে তারাই এখন রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যাচার করছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভোটের দিন সবাই নামাজ আদায় করে শান্তিপূর্ণভাবে কেন্দ্রে যাবেন এবং ভোট দিয়ে ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন, যাতে কোনোভাবে ভোট কারচুপি না হয়।

আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ভোটের পর আবার জনগণের সঙ্গে দেখা হবে উন্নয়নমূলক কর্মসূচিতে। তিনি খাল খনন কর্মসূচির কথাও উল্লেখ করেন।

সমাবেশে ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের মঞ্চে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। প্রার্থীরা নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে নির্বাচনে বিজয়ের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তারেক রহমানকে স্বাগত জানান এবং আগামী দিনে তাকে দেশের নেতৃত্বে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বায়ান্ননিউজ২৪/মাহিন

রাজনীতি থেকে আরো পড়ুন