বিশ্ব

ব্র্যাডম্যানের ক্যাপ বিক্রি ৪ লাখ ৬০ হাজার অস্ট্রেলিয়ান ডলারে

প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৬ ১৪:১১

ঐতিহাসিক সেই ক্যাপ। ছবি: সংগৃহীত

ক্রিকেট ইতিহাসের এক অনন্য স্মারক আবারও আলোচনায়। স্বাধীনতা অর্জনের পর ভারতের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান যে ঐতিহাসিক ব্যাগি গ্রিন ক্যাপটি পরেছিলেন, সেটি অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত এক নিলামে বিক্রি হয়েছে ৪ লাখ ৬০ হাজার অস্ট্রেলিয়ান ডলারে। নিলামে ক্যাপটি কিনেছেন এক অজ্ঞাতনামা সংগ্রাহক।

১৯৪৭–৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে নিজের শেষ হোম সিরিজে এই ব্যাগি গ্রিন ব্যবহার করেছিলেন ব্র্যাডম্যান। সিরিজ শেষ হওয়ার পর তিনি ক্যাপটি উপহার দেন ভারতের ওপেনিং বোলার রাঙ্গা সোহনিকে। এরপর সোহনির পরিবার দীর্ঘ ৭৫ বছর ধরে অত্যন্ত যত্নের সঙ্গে ক্যাপটি সংরক্ষণ করে রেখেছিল। এই সময়ের মধ্যে সেটি কখনো জনসমক্ষে প্রদর্শিত হয়নি।

কুইন্সল্যান্ডে লয়েডস অকশনসের আয়োজনে সোমবার নিলামটি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা লি হেমস জানান, ক্যাপটি তিন প্রজন্ম ধরে তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল। পরিবারের সদস্যরাও ১৬ বছর বয়সের আগে এটি দেখার অনুমতি পেতেন না এবং তখনও মাত্র কয়েক মিনিটের জন্য।

উল্লেখযোগ্য বিষয় হলো, চার শূন্য ব্যবধানে হারা সেই সিরিজে রাঙ্গা সোহনি খেলেছিলেন শুধু প্রথম টেস্টে। তিনি উইকেট না পেলেও ম্যাচের প্রথম বলটি করেছিলেন তিনিই, যা উপনিবেশ-উত্তর ভারতের টেস্ট ইতিহাসের প্রথম বল হিসেবে স্বীকৃত।

জানা গেছে, ব্র্যাডম্যানের ব্যবহৃত এমন ব্যাগি গ্রিন ক্যাপ এখনও মোট ১১টি বিদ্যমান। সে সময় খেলোয়াড়রা প্রায় প্রতিটি সিরিজে আলাদা ক্যাপ ব্যবহার করতেন।

এর আগেও ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন নিলামে উঠে আলোড়ন সৃষ্টি করেছে। ১৯২৮ সালে তার অভিষেক সিরিজের ক্যাপ ২০২০ সালে বিক্রি হয়েছিল ৪ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলারে। তবে ব্যাগি গ্রিনের সর্বোচ্চ মূল্যে বিক্রির রেকর্ড রয়েছে শেন ওয়ার্নের দখলে। অস্ট্রেলিয়ার দাবানল তহবিলের জন্য ২০২০ সালে তার ক্যাপ বিক্রি হয়েছিল ১০ লাখ ৭ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে।

বায়ান্ননিউজ২৪/আবির

বিশ্ব থেকে আরো পড়ুন