বাংলাদেশ

বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৬ ০০:১৮

আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অনুপস্থিতির প্রভাব পড়েছে ক্রীড়া সাংবাদিকদের ওপরও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি বাংলাদেশের সব সাংবাদিকের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করেছে।

সোমবার ২৬ জানুয়ারি বাংলাদেশি সাংবাদিকদের ইমেইলের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায় আইসিসি। বার্তায় বলা হয়, বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নেওয়ায় ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টুর্নামেন্ট কাভার করার জন্য বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকদের কোনো স্বীকৃতিপত্র দেওয়া হচ্ছে না।

এর আগে আইসিসি আনুষ্ঠানিকভাবে জানায়, আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ নিচ্ছে না। তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকা এবং সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্ত নিয়ে ক্রীড়াঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক সাংবাদিক মনে করছেন, মাঠের বাইরের সিদ্ধান্তের প্রভাব সরাসরি পেশাগত দায়িত্ব পালনের ওপর পড়ছে।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা আইসিসির পক্ষ থেকে এখনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

বায়ান্ননিউজ২৪/নিউজরুম এডিটর 

বাংলাদেশ থেকে আরো পড়ুন