বিশ্ব

মেক্সিকোয় ফুটবল মাঠে ভয়াবহ গুলিবর্ষণ, প্রাণ গেল ১১ জনের

প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২৬ ১৮:১৭

মধ্য মেক্সিকোর গুয়ানাহুয়াতো অঙ্গরাজ্যের সালামাঙ্কা শহরে একটি ফুটবল মাঠে সশস্ত্র হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ১২ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন, যাদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে। রোববার রাতে লোমা দে ফ্লোরেস এলাকার একটি সামাজিক অনুষ্ঠানে এই রক্তক্ষয়ী হামলা ঘটে।

সালামাঙ্কার মেয়র সিজার প্রিয়েটো জানিয়েছেন, অনুষ্ঠান চলাকালীন একদল সশস্ত্র ব্যক্তি হঠাৎ গুলিবর্ষণ শুরু করে। ঘটনাস্থলেই ১০ জন নিহত হন এবং আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। তিনি এই হামলাকে কাপুরুষোচিত ও মর্মান্তিক বলে উল্লেখ করেন এবং বলেন, এতে রাজ্যজুড়ে সহিংসতার উদ্বেগজনক চিত্র আরও স্পষ্ট হয়েছে।

মেয়রের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে সালামাঙ্কাসহ গুয়ানাহুয়াতো রাজ্যে সহিংসতার মাত্রা বেড়েছে, যা সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি আশ্বাস দেন, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ১২ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

রাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, ঘটনার পরপরই তদন্ত শুরু করা হয়েছে। একই সঙ্গে পৌরসভা, রাজ্য ও ফেডারেল নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানানো হয়েছে।

এই ঘটনায় মেক্সিকোয় জনসমাগমস্থলে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বায়ান্ননিউজ২৪/আবির

বিশ্ব থেকে আরো পড়ুন