রাজনীতি

মুক্তিযুদ্ধবিরোধীরা আবার ভোটের রাজনীতিতে সক্রিয় হয়েছে: মির্জা ফখরুল

প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৬ ২৩:৩৫

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরে যারা পাকিস্তানি সেনাদের সহযোগিতা করে বাংলাদেশের মানুষের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছিল, তারাই আজ নতুন করে ভোটের মাঠে নেমেছে। তারা কখনো নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি এবং সেই শক্তির হাতে দেশ নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি।

রোববার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে একটি ইসকন মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সনাতন ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ধর্মের নামে মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়। সবাই আগে বাংলাদেশি, এখানে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বিভাজনের কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের পরও দেশে সাম্য, সত্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করতে বারবার সংগ্রাম করতে হয়েছে। এই লড়াই এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেন তিনি।

নিজের ধর্মীয় বিশ্বাসের কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, তিনি ইসলাম ধর্মে বিশ্বাসী হলেও তার শিক্ষা তাকে সব ধর্মের মানুষকে সম্মান করতে শিখিয়েছে। মানবতাই সবচেয়ে বড় ধর্ম বলেও উল্লেখ করেন তিনি।

উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ সবার দেশ। সামনে নির্বাচন রয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেশকে এমন কোনো শক্তির হাতে তুলে দেওয়া যাবে না, যারা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হবে।

বক্তব্যের একপর্যায়ে আবেগঘন কণ্ঠে মির্জা ফখরুল বলেন, এবারের নির্বাচন তার জীবনের শেষ নির্বাচনও হতে পারে। এ সময় তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, সনাতন ধর্মীয় নেতা ও ইসকন ভক্তরা উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরো পড়ুন