বক্তব্য রাখছেন তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ এখন পরিবর্তন ও তাদের রাজনৈতিক অধিকার ফিরে পেতে চায়। শুধু সমালোচনার রাজনীতি করে জনগণের কোনো উপকার হয় না। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল রাজনীতি ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা যায়।
তারেক রহমান বলেন, বিএনপি যতবার রাষ্ট্রক্ষমতায় ছিল, ততবারই দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছে। শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। বিএনপি এমন রাজনীতিতে বিশ্বাস করে, যেখানে মানুষের জীবন ও জীবিকার বাস্তব পরিবর্তন ঘটে।
তিনি বলেন, ১৭ বছর পর দেশে ফিরে প্রথম দিনই জাতির সামনে ঘোষণা দিয়েছি, দেশ ও দেশের মানুষকে ঘিরে বিএনপির একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। বর্তমান বাংলাদেশে অর্ধেকের বেশি জনগোষ্ঠী তরুণ ও যুবক, আর এই তরুণ সমাজ কাজ ও সম্মানের সঙ্গে বেঁচে থাকার সুযোগ চায়।
চট্টগ্রামকে দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, এই অঞ্চলের মানুষসহ সারা দেশের জনগণ একটি নিরাপদ পরিবেশ চায়, যেখানে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করা যাবে এবং সন্তানরা নিরাপদ পরিবেশে শিক্ষাগ্রহণ করতে পারবে।
শিক্ষাব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করতে পারলে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে সব স্তরে পরিবর্তন আনা হবে। এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে শিক্ষার্থীরা শুধু সনদ নয়, বাস্তব জীবনে কাজে লাগবে এমন দক্ষতা অর্জন করবে।
স্বাস্থ্যসেবা নিয়ে তারেক রহমান বলেন, বড় বড় হাসপাতালের প্রতিশ্রুতি দিয়ে রাজনীতি নয়, গ্রামাঞ্চলের মানুষ, নারী ও শিশুদের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই বিএনপির লক্ষ্য। এজন্য ক্ষমতায় এলে সারা দেশে এক লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে।
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সরকার এই উদ্যোগ নিয়েছিল, কিন্তু সময়ের অভাবে তা সম্পূর্ণ করা সম্ভব হয়নি। গত ১৫ বছরে এই পরিকল্পনা বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। বিএনপি সরকার গঠন করতে পারলে দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, যা চট্টগ্রামসহ সারা দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে।
জলাবদ্ধতা সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে সারা দেশে খাল খনন কর্মসূচি চালু করা হবে। প্রয়োজনে হাতে কোদাল তুলে নিয়েই জলাবদ্ধতা দূর করার কাজ শুরু করা হবে।
দলীয় শৃঙ্খলা ও দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দলের কেউ সন্ত্রাস বা দুর্নীতিতে জড়িত থাকলে কোনো ছাড় দেওয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির নির্বাচনি স্লোগান করব কাজ গড়ব দেশ সবার আগে বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে গণতন্ত্রকামী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি জুলাই শহীদসহ সব শহীদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়ে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
সমাবেশের মঞ্চ থেকে তিনি চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
বায়ান্ননিউজ২৪/সৈকত
রাজনীতি থেকে আরো পড়ুন