বাংলাদেশ

সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৬ ১৩:৪৭

দক্ষিণ এশিয়ার নারী ফুটসালে নতুন অধ্যায় যোগ করল বাংলাদেশ। প্রথমবার আয়োজিত সাফ নারী ফুটসাল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

রোববার থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪–২ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ নারী দল। ম্যাচের শুরুতে মালদ্বীপ একবার এগিয়ে গেলেও দ্রুতই নিয়ন্ত্রণ নেয় সাবিনা খাতুনের দল।

অধিনায়ক সাবিনা খাতুন মাঠে নেতৃত্বের পাশাপাশি গোলেও ছিলেন অনন্য। তিনি একাই করেন হ্যাটট্রিক। তার সঙ্গে লিপি আক্তারও হ্যাটট্রিক পূরণ করেন। গোলের তালিকায় নাম লেখান কৃষ্ণা রানী সরকার, নিলুফা আক্তার নীলা ও নৌশিন জাহানসহ আরও কয়েকজন।

লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ অংশ নেয়। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। ভুটান পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকে।

টুর্নামেন্টে বাংলাদেশ শুরু থেকেই আধিপত্য দেখায়। ভারতের বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু করা দলটি পরে ভুটানের সঙ্গে ড্র করে। এরপর নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা জয়ে শিরোপার পথ মসৃণ করে তোলে সাবিনা-কৃষ্ণারা।

শেষ ম্যাচে বড় ব্যবধানে জয়ের মাধ্যমে কোনো ম্যাচ না হেরেই সাফ নারী ফুটসালের প্রথম শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশ। এই অর্জন দেশের নারী ফুটসালের অগ্রযাত্রায় নতুন অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।

বায়ান্ননিউজ২৪/সৈকত

বাংলাদেশ থেকে আরো পড়ুন