বিশ্ব

জাতিসংঘের বিকল্প কাঠামো গড়তে চাইছেন ট্রাম্প : ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২৬ ১২:৫২

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সংস্কারের পথে না গিয়ে নিজের নিয়ন্ত্রণে একটি নতুন বৈশ্বিক সংস্থা গড়ে তুলতে চাইছেন। প্রস্তাবিত এই সংস্থার নাম দেওয়া হয়েছে ‘বোর্ড অব পিস’।

শুক্রবার ব্রাজিলে এক বক্তব্যে লুলা বলেন, ট্রাম্পের এই উদ্যোগ মূলত জাতিসংঘকে পাশ কাটিয়ে একটি বিকল্প আন্তর্জাতিক কাঠামো দাঁড় করানোর প্রচেষ্টা। এতে বহুপাক্ষিক সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, ‘বোর্ড অব পিস’-এর স্থায়ী সদস্য হতে হলে প্রতিটি দেশকে এক বিলিয়ন ডলার অর্থায়ন করতে হবে। এই সংস্থার চেয়ারম্যান হিসেবে থাকবেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। এ শর্ত ও কাঠামোর কারণে ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশ এতে যোগ দিতে আগ্রহ দেখায়নি।

গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনার কথা জানান। সেখানে ১৯টি দেশের নেতা ও প্রতিনিধি প্রাথমিকভাবে এতে স্বাক্ষর করেন।

লুলা বলেন, বর্তমান বিশ্বে অনেক দেশ শক্তি প্রদর্শনের রাজনীতিতে ঝুঁকছে, যা অত্যন্ত বিপজ্জনক। তিনি জোর দিয়ে বলেন, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য জাতিসংঘকে আরও শক্তিশালী করা প্রয়োজন, দুর্বল নয়।

এর এক দিন আগে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে ফোনালাপে লুলা এই বিষয়টি নিয়ে আলোচনা করেন। ওই আলোচনায় শি চিনপিং জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব দেন।

লুলা আরও জানান, প্রস্তাবিত নতুন সংস্থাটি প্রাথমিকভাবে গাজা পুনর্গঠনের দায়িত্ব নিতে পারে। তবে ভবিষ্যতে এর ক্ষমতা ফিলিস্তিন ইস্যুর বাইরেও বিস্তৃত হতে পারে, যা একসময় জাতিসংঘের সরাসরি প্রতিদ্বন্দ্বীতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে ফ্রান্স ও যুক্তরাজ্যসহ কয়েকটি ইউরোপীয় দেশও ট্রাম্পের এই পরিকল্পনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। যুক্তরাজ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আপত্তি তুলেছে। ফ্রান্সের মতে, প্রস্তাবিত সংস্থার কাঠামো ও নীতিমালা জাতিসংঘের নিয়ম ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বায়ান্ননিউজ২৪/আবির

বিশ্ব থেকে আরো পড়ুন