প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৬ ২১:০১
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে নৈরাজ্য ও ধ্বংসের দিকে ঠেলে দেওয়া মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন পুতুল সরকারের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তিনি অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার গণতন্ত্রকে চরম বিপদের মুখে ফেলে দিয়েছে।
শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন শেখ হাসিনা।
তিনি বলেন, একাত্তরের চেতনায় বিশ্বাসী সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ভিত্তি রক্ষায় এগিয়ে আসতে হবে। ইউনূস সরকারের কর্মকাণ্ড একটি গভীর ষড়যন্ত্রের অংশ, যা বাংলাদেশের স্বার্থবিরোধী।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আজ একটি রক্তাক্ত বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। দেশজুড়ে ভয়, দমননীতি, সহিংসতা ও অর্থনৈতিক সংকট সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।
২০২৪ সালের আগস্টে তাকে ক্ষমতা থেকে অপসারণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই ঘটনার পর থেকেই দেশে আইনশৃঙ্খলার ভয়াবহ অবনতি ঘটেছে। তার অভিযোগ, উগ্রবাদী গোষ্ঠী ও ইউনূস চক্র পরিকল্পিতভাবে তাকে ক্ষমতাচ্যুত করে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া হয়েছে।
বর্তমান পরিস্থিতিকে একটি ‘বৃহৎ কারাগার’ হিসেবে আখ্যা দিয়ে শেখ হাসিনা বলেন, প্রতিদিনের সহিংসতা, নিরাপত্তাহীনতা ও অর্থনৈতিক দুর্দশার মধ্যে মানুষ টিকে থাকার সংগ্রাম করছে। তিনি আরও বলেন, বর্তমান শাসনামলে নারী ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন আশঙ্কাজনকভাবে বেড়েছে।
আওয়ামী লীগের দাবির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, অবিলম্বে নির্দলীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সহিংসতা ও আইনহীনতার অবসান ঘটিয়ে প্রশাসনিক ও নাগরিক সেবাগুলো সচল করতে হবে। একই সঙ্গে নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং গণমাধ্যম ও বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে রাজনৈতিক হয়রানি বন্ধ করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনার ওপরও গুরুত্ব দেন তিনি।
এছাড়া গত এক বছরে সংঘটিত সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে সম্পৃক্ত করার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। তার মতে, আন্তর্জাতিক পর্যায়ের তদন্তই জবাবদিহি নিশ্চিত করে জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারে।
এ বিষয়ে ঢাকার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বায়ান্ননিউজ২৪
রাজনীতি থেকে আরো পড়ুন