প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৬ ১৪:২৩
ইরানেরবিপ্লবী গার্ডের কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে)
যুক্তরাষ্ট্রের প্রতি কড়া সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ডের কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন, তাদের বাহিনীর আঙুল ট্রিগারে রয়েছে এবং যে কোনো নির্দেশ বাস্তবায়নে তারা সম্পূর্ণ প্রস্তুত।
ইরানজুড়ে সাম্প্রতিক বিক্ষোভ ও যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার প্রেক্ষাপটে বৃহস্পতিবার এই হুঁশিয়ারি দেন তিনি। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরান এখনো আলোচনায় বসতে আগ্রহী।
গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে হামলা চালায়। সে সময় টানা ১২ দিন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলে। এরপর থেকেই ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার বিকল্প খোলা রেখেছে ওয়াশিংটন।
বৃহস্পতিবার ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বড় নৌবহর উপসাগরীয় অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে এবং ইরানকে কড়া নজরদারিতে রাখা হচ্ছে। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশগ্রহণ শেষে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া টানা দুই সপ্তাহের সরকারবিরোধী বিক্ষোভ ইরানের ধর্মীয় নেতৃত্বকে বড় চাপে ফেলে। আন্দোলনকারীদের অভিযোগ, দমন অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং দেশজুড়ে নজিরবিহীন ইন্টারনেট বন্ধ রাখা হয়। পরে আন্দোলন ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে।
বিশ্লেষকদের মতে, বিক্ষোভ দুর্বল হয়ে পড়ায় এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক পদক্ষেপের সম্ভাবনা কম। উভয় পক্ষই আপাতত কূটনৈতিক পথ খোলা রাখার কথা বলছে।
তবে পাল্টাপাল্টি কড়া বক্তব্যে পরিস্থিতি এখনো উত্তপ্ত। গত মঙ্গলবার ট্রাম্প ইরানের নেতৃত্বকে হুঁশিয়ার করে বলেন, আয়াতুল্লাহ আলি খামেনিকে লক্ষ্য করে কোনো হামলার জবাবে যদি তাঁর জীবনের ওপর আঘাত আসে, তবে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিশোধ নেবে।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানে বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগ করেছেন। তিনি বলেন, ১২ দিনের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতেই তারা নতুন ষড়যন্ত্রে লিপ্ত।
বিপ্লবী গার্ডের কমান্ডার পাকপুর সতর্ক করে বলেন, অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আরও যন্ত্রণাদায়ক পরিণতির মুখোমুখি হতে হবে। তিনি জোর দিয়ে বলেন, সর্বোচ্চ নেতার নির্দেশ বাস্তবায়নে ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে।
বায়ান্ননিউজ২৪/আবির
বিশ্ব থেকে আরো পড়ুন