বাংলাদেশ

শিশু নির্যাতনের ঘটনায় রাজধানীর শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার

প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৬ ১২:৫৫

রাজধানীর নয়াপল্টনে অবস্থিত শারমিন একাডেমিতে শিশু নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় বিদ্যালয়টির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এ মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি।

বৃহস্পতিবার রাত বেলায় মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যবস্থাপক পলাতক ছিলেন।

এর আগে শারমিন একাডেমির দুইজন প্রাপ্তবয়স্ক শিক্ষকের হাতে এক শিশুকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, স্কুল ইউনিফর্ম পরা আনুমানিক তিন থেকে চার বছর বয়সী এক শিশুকে টানা হেঁচড়া করে একটি কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে।

ভাইরাল ভিডিওতে গোলাপি শাড়ি পরা এক নারী শিক্ষক শিশুটিকে টেবিলের সামনে বসিয়ে বারবার চড় মারছেন এবং ধমক দিচ্ছেন। পরে এক পুরুষ শিক্ষক হাতে স্ট্যাপলার নিয়ে শিশুটির মুখের দিকে ভয় দেখান। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ঘটনাটি ঘটে রোববার দুপুর বারোটা একান্ন মিনিটে।

ঘটনার পুরো সময় শিশুটির মধ্যে চরম ভয় ও মানসিক আতঙ্কের লক্ষণ স্পষ্টভাবে দেখা যায়। শাস্তির নামে এমন নিষ্ঠুর আচরণে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

বায়ান্ননিউজ২৪/সৈকত

বাংলাদেশ থেকে আরো পড়ুন