আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার প্রধান উপদেষ্টা সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কেন্দ্রিক আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।
শফিকুল আলম বলেন, “এবার ভোট গণনায় সময় লাগতে পারে। অনেক সময় ভোট গণনার বিলম্বে গুজব সৃষ্টি হয়। এ বিষয়ে আজকে বৈঠকে আলোচনা হয়েছে। এবারের নির্বাচন শুধু সাধারণ ভোট নয়, সঙ্গে একটি গণভোটও হচ্ছে। তাই দুটি ভোটের গণনা একসঙ্গে শুরু হবে। এছাড়া পোস্টাল ব্যালটও রয়েছে। এজন্য কিছু এলাকায় ভোট গণনায় দেরি হতে পারে।”
তিনি আরও বলেন, “এই বছর কিছু নতুন প্রক্রিয়া চালু হয়েছে। আমরা চাই ভোট গণনা যথাযথভাবে হোক। এর ফলে গণনায় কিছু বিলম্ব হতে পারে।”
প্রেস সচিব জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপা শুরু হবে।
তিনি নির্বাচন কমিশনের সচিবের বরাত দিয়ে বলেন, পাবনা-১ ও পাবনা-২ আসন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তা সমাধান হয়েছে। তাই ৩০০ আসনেই নির্বাচন সম্পন্ন হবে।
বায়ান্ননিউজ২৪/সৈকত
বাংলাদেশ থেকে আরো পড়ুন