প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৬ ১৮:১২
দেশে চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাব এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার।
মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর সরকারি বাসভবন যমুনায় নিকারের ১১৯তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে এটিই নিকারের প্রথম সভা। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করে।
সভায় মোট ১১টি প্রশাসনিক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। নতুন থানা হিসেবে অনুমোদন পেয়েছে গাজীপুর জেলার পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল দক্ষিণ এবং কক্সবাজার জেলার মাতারবাড়ী। পাশাপাশি নরসিংদী জেলার রায়পুরা থানা বিভক্ত করে নতুন একটি থানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া পরিবেশগত গুরুত্ব, পর্যটন সম্ভাবনা ও অর্থনৈতিক বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ থেকে ‘এ’ শ্রেণির জেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ একীভূত করে পুনরায় ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সঙ্গে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।
এছাড়া অর্থ মন্ত্রণালয়ের অধীনে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। এর আগে এ বিষয়ে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছিল।
সভায় ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাবও অনুমোদিত হয়।
সভায় প্রধান উপদেষ্টাসহ কয়েকজন উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব এবং সরকারের ১৪ জন সচিব ও জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন।
বায়ান্ননিউজ২৪/সৈকত
বাংলাদেশ থেকে আরো পড়ুন