বিষয়টি নিশ্চিত হওয়ার পর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬ ১৮:৩০
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্র ইস্যুতে নয়াদিল্লিতে একটি আন্তর্জাতিক আলোচনা সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৫ আগস্ট ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে সংবাদ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

আগামী ২৩ জানুয়ারি নয়াদিল্লিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন গৌতম লাহিড়ী। তিনি ভারতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় পর শেখ হাসিনার প্রকাশ্য উপস্থিতির খবরে নেতাকর্মীদের মধ্যে আবেগ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।
এই আয়োজনটি সাউথ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের উদ্যোগে ‘সেইভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শীর্ষক প্রেস কনভারসেশনের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে। ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত নয়াদিল্লির এফসিসি অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে এটি অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে।
অনুষ্ঠানে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, রাজনৈতিক সংকট ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনা করা হবে। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএর সেক্রেটারি জেনারেল প্রকৌশলী মোহাম্মদ এ সিদ্দিকী, শিক্ষা মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচী।
অনলাইন প্যানেলিস্ট হিসেবে যুক্ত থাকবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য এ কে আব্দুল মোমেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স কানাডার প্রেসিডেন্ট অধ্যাপক ড. এমডি হাবিবে মিল্লাত এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ফ্রান্সের কোট দাজুর বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ফেলো ড. এস এম মাসুম বিল্লাহ।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ সরকারের একজন দায়িত্বশীল উপদেষ্টা জানিয়েছেন, শেখ হাসিনার প্রকাশ্যে আসার বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন এবং পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। অনুষ্ঠানটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বায়ান্ননিউজ২৪/এডিটর ইন চীফ
রাজনীতি থেকে আরো পড়ুন