মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অটোরিকশাটি সম্পূর্ণভাবে দুমড়েমুচড়ে যায়।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মাদারীপুর শহরের শকুনি এলাকার নেছার উদ্দিন মুন্সীর ছেলে পান্নু মুন্সী (৫০), সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান (২৫) এবং কুনিয়া দক্ষিণ পাড়ার জসিম বেপারীর ছেলে সাগর (২৬)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সার্বিক পরিবহনের একটি বাস মিলগেট এলাকায় পৌঁছালে যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, দুর্ঘটনায় অটোরিকশার যাত্রীসহ মোট ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বায়ান্ননিউজ২৪/ফরিদ
বাংলাদেশ থেকে আরো পড়ুন