রাজনীতি

নতুন অন্তর্বর্তী সরকারের অধীনে ভোটে যেতে প্রস্তুত আওয়ামী লীগ : দিল্লিতে সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ

জাতিসংঘের রিপোর্ট নিয়ে আপত্তি

প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৬ ১২:৫১

দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ

বাংলাদেশে নতুন কোনো অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছে দলটির শীর্ষ নেতারা। তবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে তারা অংশ নেবেন না বলেও স্পষ্ট করেন তারা।

শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আওয়ামী লীগের সাবেক তথ্যমন্ত্রী ও জ্যেষ্ঠ নেতা হাছান মাহমুদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশনের লিগ্যাল টিমের প্রধান ব্যারিস্টার নিঝুম মজুমদার।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২৪ সালের জুলাই–আগস্টে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর ওএইচসিএইচআর যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে তথ্যগত, আইনগত ও পদ্ধতিগত নানা অসংগতি রয়েছে। এসব বিষয় তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে জানান বক্তারা।

আইসিআরএফের পাল্টা প্রতিবেদনের প্রসঙ্গে ব্যারিস্টার নিঝুম মজুমদার বলেন, জাতিসংঘের রিপোর্টে নির্বাচিত তথ্য ব্যবহার করা হয়েছে এবং বহু গুরুত্বপূর্ণ সাক্ষ্য উপেক্ষিত হয়েছে। পুলিশ সদস্য, রাজনৈতিক কর্মী, সাংবাদিক ও সংখ্যালঘুদের ওপর সহিংসতার বিষয়টি যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে মৃত্যু ও দমনপীড়ণের ঘটনায় আওয়ামী লীগের অবস্থান জানতে চাইলে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, নিরপেক্ষ তদন্ত ছাড়াই দায় নির্ধারণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য যথাযথভাবে অন্তর্ভুক্ত হয়নি।

হাছান মাহমুদ বলেন, আন্তর্জাতিকভাবে প্রচারিত মৃত্যুর সংখ্যার সঙ্গে সরকারি নথি ও অন্যান্য তথ্যের অসঙ্গতি রয়েছে। তার মতে, বিক্ষোভ চলাকালে শত শত পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়টি জাতিসংঘের প্রতিবেদনে গুরুত্ব পায়নি। তিনি জানান, এ বিষয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরে আনুষ্ঠানিক আপত্তি জানানো হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জাতিসংঘের প্রতিবেদনে ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সময়ে অন্তত চৌদ্দশ মানুষের মৃত্যুর কথা বলা হলেও আইসিআরএফ দাবি করছে, এই সংখ্যার ভেতরে গরমিল রয়েছে এবং তা পুনরায় যাচাই প্রয়োজন।

দুই ঘণ্টাব্যাপী এই সংবাদ সম্মেলনে নেতারা উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সহিংসতার ঘটনায় আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না, এমন প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে যান তারা।

নেতারা বলেন, এই পাল্টা প্রতিবেদন সহিংসতা অস্বীকার করার উদ্দেশ্যে নয়; বরং তথ্যের অসম্পূর্ণতা ও একতরফা মূল্যায়নের বিরুদ্ধে একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানাতেই এটি প্রকাশ করা হয়েছে।

বায়ান্ননিউজ২৪/নিউজরুম এডিটর 

রাজনীতি থেকে আরো পড়ুন