বাংলাদেশ

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই টিকিটিং চালু ডিএমপির

প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৬ ০৪:৫৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মনোগ্রাম

ঢাকা মহানগরের সড়কে যানজট কমানো ও গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে ই টিকিটিং ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এই ব্যবস্থার আওতায় নির্দিষ্ট বাস স্টপেজ বা কাউন্টার ছাড়া যাত্রী ওঠানো নামানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে ডিএমপির মিরপুর ট্রাফিক বিভাগের উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ই টিকিটিং সিস্টেম কার্যকর করা হবে। এর মূল উদ্দেশ্য হলো যাত্রীসেবা সহজ করা, পরিবহন শ্রমিক ও মালিকদের শৃঙ্খলার আওতায় আনা এবং যানজট নিরসন।

ডিএমপি জানায়, মিরপুর ট্রাফিক বিভাগের আওতাধীন গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, তালতলা, শেওড়াপাড়া, মিরপুর ১, মিরপুর ১০, মিরপুর ১৪, কচুক্ষেত, ভাসানটেক, কালশী, সেগুনবাগিচা, মিরপুর ১২, বিরুলিয়া ব্রিজ, দিয়াবাড়ী ক্রসিংসহ সংলগ্ন এলাকায় সব গণপরিবহণকে নির্ধারিত স্টপেজ ছাড়া যাত্রী ওঠানো নামানো থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি টিকিটের মাধ্যমে একক লেনে যাত্রী পরিবহন নিশ্চিত করতে হবে।

ডিএমপি আরও জানায়, রবিবার (১৮ জানুয়ারি) থেকেই পরিবহন মালিক ও শ্রমিকদের এই নির্দেশনার বিষয়ে সচেতন করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে। চালক, হেলপার ও সুপারভাইজারদের নিয়ম মেনে চলতে আগাম অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অমান্য করলে আগামী ২০ জানুয়ারি থেকে সংশ্লিষ্ট পরিবহন ও চালকের বিরুদ্ধে মামলা, জরিমানা এবং পয়েন্ট কর্তনের মতো কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই দিনে একাধিকবার নিয়ম ভঙ্গ করলে একাধিক শাস্তিও দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রীসাধারণসহ পরিবহন শ্রমিকদের সচেতন করতে প্রচারণা ও মাইকিং চালানোর ব্যবস্থা নিতে হবে। এই পুরো কার্যক্রম তদারক করবে পরিবহন মালিকপক্ষ, শ্রমিক সংগঠন এবং ট্রাফিক পুলিশ।

ডিএমপি আশা করছে, এই ই টিকিটিং ব্যবস্থা কার্যকর হলে ঢাকার সড়কে শৃঙ্খলা ফিরবে এবং যাত্রীদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে।

বায়ান্ননিউজ২৪/সৈকত

বাংলাদেশ থেকে আরো পড়ুন