বিশ্ব

মৃত্যুদণ্ড স্থগিত করায় ইরানকে ট্রাম্পের ধন্যবাদ!

প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬ ১২:৫৬

ইরানে রাজনৈতিক বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর না করার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউজ ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি ইরানের এই পদক্ষেপের প্রশংসা করেন।

 

ফ্লোরিডার পাম বিচে নিজের মার এ লাগো রিসোর্টে যাওয়ার পথে ট্রাম্প জানান, ইরানে ৮০০ জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। তিনি বলেন, এই সিদ্ধান্তকে তিনি সম্মানের চোখে দেখছেন।

 

পরবর্তীতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টেও ট্রাম্প একই বিষয় উল্লেখ করে লেখেন, ইরানে যেসব মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল, তা এখন আর হচ্ছে না। পোস্টে তিনি শুধু লেখেন, ধন্যবাদ।

 

এর আগে ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির সরকার যদি গণহত্যার পথে যায়, তবে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তবে সাম্প্রতিক এই মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, মৃত্যুদণ্ড স্থগিতের কারণে ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান আপাতত কিছুটা নরম হয়েছে।

 

যদিও মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ইরানে বিক্ষোভ দমনের নামে কঠোর অভিযান চালানো হয়েছে এবং এতে বহু মানুষ নিহত হয়েছেন। ট্রাম্পের বক্তব্যে সেই দমন অভিযানের সঙ্গে ইরান সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের স্পষ্ট কোনো যোগসূত্র তুলে ধরা হয়নি।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান হামলার সিদ্ধান্ত থেকে সরে আসতে তাকে কেউ চাপ দেয়নি। তিনি নিজেই পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, নির্ধারিত ফাঁসি কার্যকর না হওয়াই তার ওপর বড় প্রভাব ফেলেছে।

 

তবে কোন সূত্র বা কার কাছ থেকে তিনি এই মৃত্যুদণ্ড বাতিলের তথ্য পেয়েছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি ট্রাম্প।

 

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন পরবর্তীতে সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। সাম্প্রতিক দিনগুলোতে তেহরানে প্রকাশ্য বিক্ষোভ কমে এলেও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার অভিযোগ এখনও রয়েছে।

 

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্যমতে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২ হাজার ৭৯৭ জনে পৌঁছেছে, যা আরও বাড়তে পারে।

বায়ান্ননিউজ২৪/আবির

বিশ্ব থেকে আরো পড়ুন