বাংলাদেশ

কক্সবাজারে মানবপাচার চক্রের সংঘর্ষে তরুণীর মৃত্যু

প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬ ০০:১৬

টেকনাফ

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্র ও স্থানীয় সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় এক তরুণী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহত তরুণীর নাম সুমাইয়া আক্তার (১৮)। তিনি টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়া এলাকার বাসিন্দা মো. ছিদ্দিকের মেয়ে।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শুক্রবার বিকেলে মানবপাচারকারী একটি চক্র নোয়াখালীয়াপাড়ার পাহাড়ি এলাকায় সাগরপথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে কয়েকজন মানুষকে জড়ো করে। এ সময় ওই এলাকায় সক্রিয় সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে মানবপাচারকারীদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

গুলির শব্দে আতঙ্কিত হয়ে বাড়ির ভেতর থেকে বাইরে তাকানোর সময় একটি গুলি সুমাইয়ার শরীরে লাগে। তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান বলে জানায় পরিবার।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নওশাদ আলম কানন বলেন, সন্ধ্যার পর স্থানীয়রা এক তরুণীকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা করে দেখা যায়, তার শরীরে গুলির আঘাত রয়েছে এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সীমান্তবর্তী টেকনাফ অঞ্চলে মানবপাচার, অস্ত্রধারী সন্ত্রাসী তৎপরতা এবং সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এসব অপরাধ দমনে কার্যকর উদ্যোগ না থাকায় নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে।

বায়ান্ননিউজ২৪/সৈকত

বাংলাদেশ থেকে আরো পড়ুন