রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। শুক্রবার ১৬ জানুয়ারি সকাল ৭টা ৫০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনে নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। এখন পর্যন্ত যাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে তারা হলেন ফজলে রাব্বি (৩৭), হারেস (৫২) ও তার ছেলে রাহাব (১৭)। এ ঘটনায় হারেসের স্ত্রী ও রাহাবের মা এবং আরও একজনের মৃত্যু হয়েছে, তবে তাদের নাম এখনো নিশ্চিত করা যায়নি।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ রফিক আহমেদ জানান, নিহত ছয়জনের মধ্যে স্বামী স্ত্রী ও তাদের সন্তান একই পরিবারের সদস্য। তারা ভবনটির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের পূর্ণ পরিচয় নিশ্চিত করতে স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫৪ মিনিটে আগুনের খবর পেয়ে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কাজ শুরু করে। সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং প্রায় ১০টার দিকে পুরোপুরি নেভানো সম্ভব হয়।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী জানান, আগুনের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে অন্তত ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজন মারা যান।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন ৩ এর উপসহকারী পরিচালক মো. আব্দুল মান্নান জানান, প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভবনের ভেতরে বিপুল পরিমাণ আসবাব থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং হতাহতের সংখ্যা বেশি হয়।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বায়ান্ননিউজ২৪/সৈকত
বাংলাদেশ থেকে আরো পড়ুন