প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৬ ২০:০৭
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নয়াদিল্লি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সক্রিয় যোগাযোগ বজায় রাখা হচ্ছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নয়াদিল্লিতে চলতি বছরের প্রথম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সীমান্ত ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, ঢাকায় বর্তমানে কী ধরনের সরকার ক্ষমতায় রয়েছে এবং সেই সরকার স্বল্পমেয়াদি নাকি দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নিচ্ছে, তার ওপরই ভারতের তাৎক্ষণিক কৌশল নির্ভর করবে।
জেনারেল দ্বিবেদী বলেন,
“প্রথমে আমাদের বুঝতে হবে বাংলাদেশে কী ধরনের সরকার রয়েছে। যদি সেটি অন্তর্বর্তী সরকার হয়, তবে তাদের পদক্ষেপগুলো আগামী চার পাঁচ মাসের জন্য নাকি চার পাঁচ বছরের জন্য—সেটা বিচার করতে হবে। এরপরই আমরা আমাদের প্রয়োজনীয় প্রতিক্রিয়া ঠিক করব।”
তিন বাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ
ভারতের সেনাপ্রধান আরও জানান, ভারতের স্থল, নৌ ও বিমান বাহিনী তিনটিই বাংলাদেশের তিন বাহিনীর প্রধানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
“আমাদের একাধিক যোগাযোগ চ্যানেল খোলা রয়েছে। আমি নিজে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত কথা বলছি। একইভাবে নৌ ও বিমান বাহিনীর প্রধানরাও যোগাযোগ বজায় রাখছেন,” বলেন তিনি।
এ ছাড়া ভারতের একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফর করেছে বলেও জানান জেনারেল দ্বিবেদী। সেই দল মাঠপর্যায়ে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছে। এসব উদ্যোগের লক্ষ্য একটাই—যাতে দুই দেশের মধ্যে কোনো ধরনের ভুল বার্তা বা ভুল বোঝাবুঝি তৈরি না হয়।
ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়
সংবাদ সম্মেলনে তিনি জোর দিয়ে বলেন,
“আজ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর যেসব পদক্ষেপ আমরা দেখেছি, তার কোনোটিই ভারতের বিরুদ্ধে নয়। এই বিষয়টি নিয়ে আমাদের পক্ষ থেকে উদ্বেগের কিছু নেই।”
সামরিক প্রস্তুতি ও পর্যবেক্ষণ
বাংলাদেশে সামরিক সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন প্রসঙ্গে জেনারেল দ্বিবেদী বলেন, এটি একটি স্বাভাবিক ও চলমান প্রক্রিয়া।
“সব দেশই তাদের সামরিক সক্ষমতা উন্নত করে। ভারতও করছে। তবে আমরা আমাদের দিক থেকে বাংলাদেশ পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি,” যোগ করেন তিনি।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ভারতের এই মন্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত করছে যে নয়াদিল্লি পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো সম্ভাব্য অস্থিরতা মোকাবিলায় আগাম প্রস্তুতি নিচ্ছে।
বায়ান্ননিউজ২৪/আবির
বাংলাদেশ থেকে আরো পড়ুন