বাংলাদেশ

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে সরকার, আইনি বাধা নেই দাবি প্রেস সচিবের

প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৬ ১৮:২৬

আইনি কোনো প্রতিবন্ধকতা না থাকায় আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

 

প্রেস সচিব জানান, রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক ইয়ার ইয়াবসের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় গণভোট ও নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে এবং ভবিষ্যতেও চালাবে। এ বিষয়ে সরকার আগেই আইনি পরামর্শ নিয়েছে। দেশের শীর্ষস্থানীয় আইন বিশেষজ্ঞরা লিখিতভাবে মত দিয়েছেন যে, অন্তর্বর্তী সরকারের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে আইনি কোনো বাধা নেই।

 

তিনি আরও জানান, ওই বৈঠকে নির্বাচন বা আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে কোনো আলোচনা হয়নি। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল গণভোট। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বৈঠকে বলেন, ‘হ্যাঁ’ ভোট গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পথ সুগম হবে।

 

প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক মিশন দেশজুড়ে তাদের কার্যক্রম বিস্তৃত করবে। তারা বিভিন্ন রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ অংশীজন এবং সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথা বলবে এবং পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে।

 

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে শফিকুল আলম জানান, ইউরোপীয় ইউনিয়নকে আশ্বস্ত করা হয়েছে যে নির্বাচন ও গণভোট হবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ। তিনি বলেন, এটি একটি উৎসবমুখর নির্বাচন হবে এবং অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন সব দিক থেকেই প্রস্তুত রয়েছে।

 

এদিকে সরকারের এই অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে। সমালোচকদের মতে, গণভোটে সরকার প্রধানসহ রাষ্ট্রীয় কাঠামো সরাসরি একটি নির্দিষ্ট ভোটের পক্ষে প্রচারণা চালালে ভোটের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক চলমান রয়েছে।

বায়ান্ননিউজ২৪/আবির

বাংলাদেশ থেকে আরো পড়ুন