দমনপীড়নে কঠোর অবস্থান, বিক্ষোভ ছড়িয়ে গেছে সর্বত্র
প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬ ২২:৩৭
ছবি: সংগৃহীত
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। ইসলামি বিপ্লবী গার্ডস (আইআরজিসি) এক বিবৃতিতে জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় অবকাঠামোকে ‘রেডলাইন’ ঘোষণা করেছে। এই সীমা কোনোভাবেই লঙ্ঘন করতে দেওয়া হবে না বলে সতর্ক করেছে তারা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শুরুতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আন্দোলন শুরু হলেও দ্রুত তা রাজনৈতিক রূপ নেয়। বর্তমানে বিক্ষোভকারীরা ধর্মীয় শাসনের অবসানসহ নানা দাবি তুলছেন।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা, জনসম্পত্তি ও কৌশলগত স্থাপনা রক্ষায় সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। কোনো ধরনের নাশকতা বা সহিংসতা কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে নিয়মিত সেনাবাহিনীও জানায়, তারা দেশের স্বার্থ রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেবে।
এদিকে বিক্ষোভকে কেন্দ্র করে তেহরানসহ বিভিন্ন শহরে সংঘর্ষের খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, কয়েকটি সরকারি ও পৌর ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এসব সংঘর্ষে ইতোমধ্যে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরানের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট যোগাযোগ সীমিত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিছু এলাকায় বিপ্লবী গার্ডস মোতায়েন করে গুলি চালানো হচ্ছে।
অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি আলোচনায় এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। ট্রাম্প সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া জানাবে।
বিশ্লেষকদের মতে, সরকার ও নিরাপত্তা বাহিনীর এই ‘রেডলাইন’ ঘোষণার ফলে ইরানে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বায়ান্ননিউজ২৪/আবির
বিশ্ব থেকে আরো পড়ুন