রাজনীতি

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬ ০০:৪৯

মায়ের সাথে তারেক রহমানের ফাইল ছবি

বিএনপির চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। দীর্ঘদিন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর তিনি এখন গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণ চেয়ারম্যানের দায়িত্বে এলেন।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিএনপির গঠনতন্ত্র অনুসারে এই নেতৃত্ব পরিবর্তন কার্যকর হয়। দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর ফলে চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়ে।

এ পরিস্থিতিতে দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে রাত সাড়ে ৯টার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান নিজেই।

উল্লেখ্য, ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে গেলে তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার ইন্তেকালের পর বিএনপির চেয়ারম্যান পদ শূন্য হয়। এর ধারাবাহিকতায় দলটির নেতৃত্বে এই আনুষ্ঠানিক পরিবর্তন আসে।

বিএনপির গঠনতন্ত্রের ৭-এর ‘গ’ ধারার (৩) উপধারায় বলা আছে, চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে বহাল থাকবেন। সেই বিধান অনুসারেই তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব পান।

সতেরো বছরের বেশি সময় যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিএনপির ভেতরে ও বাইরে দীর্ঘদিনের অনিশ্চয়তা ও উদ্বেগের অবসান ঘটে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বিশ্লেষকদের মতে, তারেক রহমানের দেশে ফেরা বিএনপির জন্য ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর মতো একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

বিএনপি আগেই ঘোষণা দিয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির নেতৃত্ব দেবেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের ঘোষণানুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে প্রথমবারের মতো তিনি নিজে সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।

১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণকারী তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান। আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় রাজনীতিতে সক্রিয় হন তিনি। ১৯৯১ সালের নির্বাচনে মায়ের নির্বাচনী কার্যক্রম তদারকির মধ্য দিয়ে তার সক্রিয় রাজনৈতিক পথচলা শুরু হয়।

২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের বিজয়ের পর তারেক রহমানের রাজনৈতিক প্রভাব দৃশ্যমান হয়ে ওঠে। ২০০২ সালে তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব হন। ২০০৯ সালে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২০১৮ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

বায়ান্ননিউজ২৪/আবির

রাজনীতি থেকে আরো পড়ুন