রাজনীতি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন মির্জা ফখরুল

প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৬ ১৪:১৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি সন্তুষ্ট নন। রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হলেও সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

 

শুক্রবার ৯ জানুয়ারি সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, গোটা দেশের মানুষ একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের অপেক্ষায় রয়েছে। কিন্তু বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই প্রত্যাশাকে ব্যাহত করছে।

 

বিএনপি মহাসচিব বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের নির্বাচনের ফলাফলের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সরাসরি সম্পর্ক নেই। তিনি দাবি করেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে কিছু ছাত্র সংগঠন সক্রিয় থাকলেও ছাত্রদলের নেতাকর্মীরা সাংগঠনিকভাবে কাজ করার সুযোগ পায়নি।

 

তারেক রহমানের উত্তরাঞ্চল সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটি তার ব্যক্তিগত সফর। দেশে ফেরার পর তিনি জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের কবর জিয়ারত করবেন। ঢাকায় তার আগমনে যে বিপুল জনসমাগম হয়েছিল, তা জেলা পর্যায়েও নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

 

তিনি আরও বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া উত্তরাঞ্চলকে স্বনির্ভর করে গড়ে তোলার ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহসভাপতি আবু তাহের দুলালসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বায়ান্ননিউজ২৪/সৈকত

রাজনীতি থেকে আরো পড়ুন