বাংলাদেশ

ঢাকায় ভুয়া আইফোন কারখানা, চীনা নাগরিক সহ গ্রেফতার ৩

প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৬ ১৬:৩৯

রাজধানী ঢাকায় চীনা নাগরিকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত একটি অবৈধ আইফোন সংযোজন কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে সেখানে ভুয়া আইফোন তৈরি করে স্থানীয় বাজারে সরবরাহ করা হতো বলে জানিয়েছে পুলিশ।

 

গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৩৬৩টি বিভিন্ন মডেলের আইফোন, আইফোনের যন্ত্রাংশ এবং মোবাইল সংযোজনের বিভিন্ন মেশিনারিজ উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল।

 

তিনি জানান, বুধবার উত্তরা ১৭ নম্বর সেক্টর ও নিকুঞ্জ ১ এলাকায় একযোগে অভিযান চালানো হয়। উত্তরা এলাকা থেকে ৫৮টি আইফোনসহ একজন এবং নিকুঞ্জ এলাকা থেকে ৩০৫টি মোবাইল ফোনসহ দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় আইফোনের বিভিন্ন পার্টস, সংযোজনের মেশিনারিজ এবং বিদেশি মদও জব্দ করা হয়েছে।

 

প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি বিদেশ থেকে আলাদা আলাদা করে আইফোনের যন্ত্রাংশ অবৈধভাবে দেশে এনে ঢাকায় একটি গোপন ল্যাব স্থাপন করে। সেখানে যন্ত্রাংশ সংযোজন করে আইফোনের আদলে ভুয়া মোবাইল তৈরি করা হতো এবং সেগুলো আসল আইফোন হিসেবে বাজারে বিক্রি করা হতো।

 

ডিবির এই কর্মকর্তা বলেন, প্রায় দেড় বছর ধরে চক্রটি এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। এ সময় তারা বিপুল সংখ্যক ভুয়া মোবাইল ফোন বাজারে সরবরাহ করেছে বলে ধারণা করা হচ্ছে।

 

চক্রটির সঙ্গে বাংলাদেশি নাগরিকদের সংশ্লিষ্টতা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, তদন্তে কয়েকজনের নাম উঠে এলেও তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা যাচ্ছে না।

 

এ সময় সাধারণ মানুষকে মোবাইল ফোন কেনার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কম দামে অরিজিনাল আইফোনের প্রলোভনে পড়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। অনুমোদিত ও বিশ্বস্ত শোরুম ছাড়া মোবাইল ফোন না কেনার অনুরোধ জানানো হচ্ছে।

বায়ান্ননিউজ২৪/সৈকত

বাংলাদেশ থেকে আরো পড়ুন