বাংলাদেশ

নিবন্ধন শেষ, পোস্টাল ব্যালটে ভোট দিতে আবেদন দেড় মিলিয়ন ভোটারের

প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৬ ১২:৫২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশ ও দেশের বাইরে নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টায় ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়।

 

নির্বাচন কমিশনের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালটে ভোট দিতে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। এদের মধ্যে সরকারি চাকরিজীবী ৫ লাখ ৭৫ হাজার ২০০ জন, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ১ লাখ ৬৯ হাজার ৬৪২ জন, আনসার ও ভিডিপি সদস্য ১০ হাজার ১০ জন এবং কারাগারে থাকা ভোটার ৬ হাজার ২৮৩ জন।

 

প্রবাসী ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে নিবন্ধন করেছেন ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন। মোট ১২৩টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

 

উল্লেখ্য, প্রবাসী ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু হয় গত ১৯ নভেম্বর। এই ব্যবস্থার আওতায় প্রবাসী বাংলাদেশির পাশাপাশি দেশের ভেতরে নিজ এলাকা থেকে বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

 

নির্বাচন কমিশন জানায়, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর নিবন্ধিত ভোটাররা নিজ নিজ আসনের প্রার্থী তালিকা ও প্রতীক দেখে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন। পরদিন থেকেই পূরণ করা পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠানোর সুযোগ থাকবে।

 

এদিকে, নির্বাচন কমিশন ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ করা নাগরিকদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন।

 

বায়ান্ননিউজ২৪/আবির

বাংলাদেশ থেকে আরো পড়ুন