বাংলাদেশ

একই দিনে ভোট ও গণভোট নিয়ে প্রশ্ন: তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৬ ১৭:৪১

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলের কার্যকারিতা স্থগিত করার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। এতে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়, গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে, তা সংবিধানসম্মত নয়। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং ভোটারদের বিভ্রান্তির আশঙ্কা তৈরি করে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন আয়োজনের কোনো বিধান নেই। ফলে এই সরকারের অধীনে ঘোষিত নির্বাচনী তফসিল আইনগতভাবে টেকসই নয়। তার মতে, নির্বাচন হতে পারে কেবল তত্ত্বাবধায়ক সরকার অথবা জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে।

রিটে আরও উল্লেখ করা হয়, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে নিরপেক্ষ প্রশাসনিক কাঠামোর অধীনে ভোট আয়োজন জরুরি। সে কারণে তফসিল বাতিল করে নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের নির্দেশনা দেওয়ার আবেদন জানানো হয়েছে।

জানা গেছে, চলতি সপ্তাহেই বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি হতে পারে।

রাজনৈতিক অঙ্গনে এই রিটকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, এই রিট তারই আইনগত প্রতিফলন।

বায়ান্ননিউজ২৪/সৈকত

বাংলাদেশ থেকে আরো পড়ুন