প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৬ ১৮:২৯
সালমান ফজলুর রহমান ও আনিসুল হক (ডানে)
চব্বিশের জুলাই–আগস্টের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের কথিত ভয়েস রেকর্ড বিদেশি বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষার আবেদন খারিজ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।তবে আসামিপক্ষের এই আবেদন নথিভুক্ত রাখার নির্দেশ দিয়েছে আদালত।
রোববার ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।এদিন মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।
আসামিদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।তিনি আদালতকে জানান, সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে যেসব ভয়েস রেকর্ড উপস্থাপন করা হয়েছে, সেগুলোর সত্যতা ও নির্ভরযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।কারফিউ জারির দিন আন্দোলন দমন বা গুলি চালানোর বিষয়ে ফোনে কোনো আলোচনা হয়নি বলেও দাবি করেন তিনি।
আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে ভয়েস রেকর্ড আন্তর্জাতিক মানসম্পন্ন বিদেশি বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করা প্রয়োজন।একইসঙ্গে তিনি তার মক্কেলদের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়টিও আদালতকে অবহিত করেন।
শুনানি শেষে ট্রাইব্যুনাল জানান, মামলার তদন্ত পর্যায়ে প্রয়োজনীয় পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।এ কারণে এ বিষয়ে নতুন করে সময় বাড়ানো হবে না।তবে আসামিপক্ষের আবেদন নথিভুক্ত থাকবে বলে আদেশ দেন আদালত।একইসঙ্গে অভিযোগ গঠন বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী মঙ্গলবার ৬ জানুয়ারি দিন ধার্য করা হয়।
এর আগে গত ২২ ডিসেম্বর প্রসিকিউশনের পক্ষ থেকে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করা হয়।সেদিন আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ পাঠ করা হয় এবং একটি ফোনালাপ উপস্থাপন করা হয়।প্রসিকিউশনের দাবি, ওই ফোনালাপ আন্দোলন দমনে উসকানিমূলক ছিল।
তবে আসামিপক্ষ বরাবরই বলে আসছে, উপস্থাপিত কথোপকথন প্রসঙ্গচ্যুতভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং সেগুলো দিয়ে সরাসরি কোনো অপরাধ প্রমাণ করা যায় না।তারা অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রেক্ষাপটে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলা এগিয়ে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার হন।এরপর থেকে তারা কারাগারে রয়েছেন এবং একাধিক মামলার মুখোমুখি হচ্ছেন।
বায়ান্ননিউজ২৪/সৈকত মাহমুদ
রাজনীতি থেকে আরো পড়ুন