প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৬ ০৪:১৩
নির্বাচন কমিশনের লগো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটদানের গোপনীয়তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট দেওয়ার ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তাৎক্ষণিকভাবে ব্লক করা হবে এবং প্রয়োজনে ফৌজদারি মামলাও করা হবে বলে জানিয়েছে কমিশন।
শনিবার (৩ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সময় গোপনীয়তা ভঙ্গের কোনো সুযোগ রাখা হবে না। এজন্য প্রতিটি ভোটারকে ভোট প্রদানের আগে লিখিত অঙ্গীকারনামা দিতে হবে যে তিনি ভোটের গোপনীয়তা রক্ষা করবেন। কেউ এই অঙ্গীকারনামা না দিলে তার ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।
নির্বাচন কমিশনার জানান, যদি কোনো ভোটার ভোট দেওয়ার ছবি, ভিডিও বা সংশ্লিষ্ট তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন এবং সেটি শনাক্ত করা সম্ভব হয়, তাহলে সঙ্গে সঙ্গে তার এনআইডি ব্লক করে দেওয়া হবে। পাশাপাশি গোপনীয়তা ভঙ্গের অভিযোগে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ইসি জানায়, প্রবাসী ভোটারদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং আইনগত হেফাজতে থাকা ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারছেন।
ডাকযোগে ব্যালট পেপার পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের নিজ নিজ দেশের সঠিক ও পূর্ণ ঠিকানা ব্যবহারের পরামর্শ দিয়েছে কমিশন। প্রয়োজনে নির্ভরযোগ্য বন্ধু, আত্মীয় বা পরিচিত কোনো প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করা যেতে পারে বলেও জানানো হয়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পোস্টাল ভোটে ভোটারদের আগ্রহ দিন দিন বাড়ছে। শনিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মোট ১২ লাখ ৯২ হাজার ৫০০ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।
ইসি বলছে, ভোটের স্বচ্ছতা ও গোপনীয়তা নিশ্চিত করতেই এ কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বায়ান্ননিউজ২৪/সৈকত মাহমুদ
বাংলাদেশ থেকে আরো পড়ুন