প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৬ ২০:১৭
ভেনেজুয়েলারর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর দেশটিতে নতুন করে আর কোনো সামরিক হামলা চালানো হবে না বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর মাইক লি। তিনি জানিয়েছেন, এ বিষয়ে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন।
মাইক লি বলেন, পররাষ্ট্রমন্ত্রী তাকে জানিয়েছেন— মাদুরো যেহেতু এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে, তাই ভেনেজুয়েলায় আর হামলার প্রয়োজন নেই। আটক অভিযানের সময় সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতেই মধ্যরাতে সীমিত হামলা চালানো হয়েছিল।
একই সঙ্গে আটককৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন সিনেটর লি। তার বিচার সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের আদালতেই অনুষ্ঠিত হবে।
মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে মাইক লি লেখেন, মাদুরো আটক হওয়ার ফলে ভেনেজুয়েলায় ভবিষ্যৎ সামরিক অভিযান বন্ধ থাকবে। তিনি আরও উল্লেখ করেন, গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নে অংশ নেওয়া সদস্যদের সুরক্ষার স্বার্থেই সাময়িক সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছিল।
এর আগে যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে ভেনেজুয়েলায় একটি আন্তর্জাতিক মাদক চক্র পরিচালনার অভিযোগ তোলে। অভিযোগ অনুযায়ী, ভেনেজুয়েলায় উৎপাদিত মাদক যুক্তরাষ্ট্রে পাচার করা হতো। এ অভিযোগে ২০২০ সালেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং তাকে ধরতে সহায়তা করলে ৫০ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছিল।
মার্কিন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, নিকোলাস মাদুরোকে আটক করেছে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স। এটি দেশটির সেনাবাহিনীর অন্যতম প্রধান সন্ত্রাসবিরোধী বিশেষ ইউনিট।
সূত্র: বিবিসি, আলজাজিরা।
বিশ্ব থেকে আরো পড়ুন