বিশ্ব

থার্টিফার্স্ট উদ্‌যাপনের রাতে সুইজারল্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪০

প্রকাশ: ০২ জানুয়ারী ২০২৬ ০১:৪৬

নববর্ষ উদ্‌যাপনের রাতে সুইজারল্যান্ডের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের জনপ্রিয় পর্যটন এলাকা ক্রানস–মন্টানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে একটি স্কি রিসোর্টের পানশালায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, রাত দেড়টার দিকে হঠাৎ করেই পানশালাটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা যায়নি। তবে ঘটনাস্থল থেকে বিস্ফোরণের শব্দ শোনার তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে কর্তৃপক্ষ এটিকে দুর্ঘটনা বলেই ধারণা করছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, উদ্‌যাপনের সময় পানশালার ভেতরে মোমবাতি বা আতশবাজি ব্যবহারের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। কয়েকজন জানান, আতশবাজির আগুন ছাদে লেগে মুহূর্তের মধ্যেই পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়। বিপুল সংখ্যক অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারের মাধ্যমে আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহতদের পরিচয় শনাক্তে ফরেনসিক পরীক্ষার কাজ চলছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সুইজারল্যান্ডের ফেডারেল প্রেসিডেন্ট গাই পারমেলিন। তিনি বলেন, নববর্ষের আনন্দঘন মুহূর্ত এভাবে ভয়াবহ শোকে পরিণত হওয়া দেশের জন্য অত্যন্ত বেদনাদায়ক। ইতালি, জার্মানি ও ইউরোপের আরও কয়েকটি দেশ এই ঘটনায় সমবেদনা জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো নাশকতা বা হামলার আলামত পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে।

বায়ান্ননিউজ২৪/চৈতী

বিশ্ব থেকে আরো পড়ুন