বাংলাদেশ

শোক উপেক্ষা করে ঢাকায় বিকট শব্দে পটকা-আতশবাজি

প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬ ০৪:২৬

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকায় আতশবাজি ও ফানুস। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এমন অবস্থায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞা উপেক্ষা করে নতুন বছরকে বরণ করতে রাজধানীর বিভিন্ন এলাকায় পটকা ও আতশবাজি ফোটাতে দেখা গেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে, অর্থাৎ ১ জানুয়ারির প্রথম প্রহরে, রাজধানীর প্রায় সব এলাকায় আতশবাজি ও পটকার বিকট শব্দ শোনা যায়। ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁতেই নগরবাসীর একটি অংশ খ্রিষ্টীয় নতুন বছর ২০২৬-কে স্বাগত জানায়।

প্রতিবছর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পটকা ও আতশবাজি ফোটানোর ওপর পুলিশের নিষেধাজ্ঞা থাকলেও এবার পরিস্থিতি ছিল ভিন্ন। খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে ডিএমপি।

তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এবারও রাজধানীর বিভিন্ন এলাকায় নতুন বছর উদযাপনে পটকা ও আতশবাজি ফোটানো হয়। সরেজমিনে দেখা গেছে, আতশবাজির ঝলকে ঢাকার আকাশ রঙিন হয়ে ওঠে। যদিও আগের বছরের তুলনায় ফানুস ওড়ানোর ঘটনা তুলনামূলকভাবে কম ছিল।

অনেক এলাকায় রাত ১১টার পর থেকেই পটকা ফাটানো শুরু হয়। এতে বিরক্তি প্রকাশ করেন অনেকেই। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য পটকার উচ্চ শব্দ শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শোক পালনকালীন ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি কিংবা শোভাযাত্রা আয়োজনও নিষিদ্ধ করা হয়।

এ ছাড়া উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানোসহ জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে—এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ থেকে আরো পড়ুন