বাংলাদেশ

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: উপদেষ্টা রিজওয়ানা

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫ ০৩:৩৮

শাহবাড়ে রাতে উপদেষ্টা রিজওয়ানা

অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ের মধ্যেই শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চে চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, “আমরা শহীদ হাদির পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এই দেশের মাটিতে, অন্তর্বর্তী সরকার থাকাকালীনই যারা আমাদের হাদিকে হত্যা করেছে, তাদের বিচার সম্পন্ন করা হবে।”

তিনি আরও বলেন, শহীদ হাদির মৃত্যু ছিল অত্যন্ত করুণ ও হৃদয়বিদারক। “আমি হাদিকে আমার ভাইয়ের মতো মনে করতাম। দেশের জন্য তার শহীদ হওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। যে মানুষের জানাজায় ১২ থেকে ১৫ লাখ মানুষ অংশ নিয়েছে, তার হত্যার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার আন্দোলনকারীদের মতো রাজপথে অবস্থান না নিলেও হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে নিরলসভাবে কাজ করছে। “আমরা প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে তদন্ত চালাচ্ছি। তাই এমন কোনো তথ্য প্রকাশ করছি না, যা অপরাধীদের সুবিধা করে দিতে পারে।”

তিনি জানান, প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা শেষে সুনির্দিষ্ট চার্জশিট দাখিল করা হবে। “ইনশাআল্লাহ, ৭ জানুয়ারি ২০২৫-এর পর চার্জশিট দেওয়া হবে এবং অন্তর্বর্তী সরকারের সময়েই দ্রুত বিচার সম্পন্ন হবে।”

রিজওয়ানা হাসান আরও বলেন, অতীতে আসিয়া হত্যাকাণ্ডের বিচার মাত্র ছয় কার্যদিবসের মধ্যে সম্পন্ন হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই সরকার এবারও শক্ত ও ত্রুটিমুক্ত চার্জশিট দিতে চায়।

তিনি জানান, অভিযুক্তরা দেশত্যাগ করে থাকলেও তাদের বিরুদ্ধে ইন অ্যাবসেনশিয়া বিচার চলবে। পাশাপাশি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পলাতকদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ভারত সরকারকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে।

তদন্তের স্বার্থে কিছু তথ্য আপাতত প্রকাশ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, আগামীকাল সকাল সাড়ে ৬টায় টিভি পুলিশ একটি সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানাবে।

বায়ান্ননিউজ২৪/আসিফ

বাংলাদেশ থেকে আরো পড়ুন