দেশের সাত জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঘন কুয়াশার কারণে বিমান, নৌ ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
শুক্রবার সকালে দেওয়া সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও কোথাও এই শৈত্যপ্রবাহ আরও কিছু সময় স্থায়ী হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোনো কোনো অঞ্চলে এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ভোরের দিকে তাপমাত্রা কিছুটা কম অনুভূত হবে।
আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
শৈত্যপ্রবাহ ও কুয়াশাজনিত পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া ভোর ও গভীর রাতে বাইরে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বায়ান্ননিউজ২৪/আবির
বাংলাদেশ থেকে আরো পড়ুন