বাংলাদেশ

ঢাকায় তারেক রহমান

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৩:৫২

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর সকাল ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 

এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রায় এক ঘণ্টা গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে সকাল ১১টা ৪ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয় বিমানটি।

 

বুধবার রাত সোয়া ১২টার দিকে লন্ডন থেকে ঢাকার পথে যাত্রা শুরু করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। একই ফ্লাইটে বিএনপির প্রায় ৫০ জন নেতাকর্মীও বাংলাদেশে আসেন।

 

বিএনপি সূত্র জানায়, তারেক রহমান বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ রজনীগন্ধায় কিছু সময় অবস্থান করবেন। এরপর তিনি সড়কপথে কুড়িল হয়ে ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে যাবেন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর দুপুর ৩টা ৪০ মিনিট পর্যন্ত অবস্থান করবেন।

 

৩০০ ফিট এলাকা থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে বিকেল ৪টা ১০ মিনিট থেকে প্রায় এক ঘণ্টা চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে অবস্থান করবেন। এরপর তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন ফিরোজায় যাবেন।

 

এরই মধ্যে তারেক রহমানের জন্য বিমানবন্দরে বুলেটপ্রুফ গাড়ি পৌঁছেছে। সকাল ৭টার কিছুক্ষণ আগে গাড়িটি বিমানবন্দরে আনা হয়। এই গাড়িতেই তিনি সারাদিনের নির্ধারিত কর্মসূচিতে যাতায়াত করবেন।

বায়ান্ননিউজ২৪/আবির

বাংলাদেশ থেকে আরো পড়ুন