বাংলাদেশ

সহিংসতায় আর ছাড় নয়: আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ

যারা নাশকতা, ভাঙচুর বা সহিংসতার মাধ্যমে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তাদের প্রতি মানবিক হওয়ার প্রয়োজন নেই।

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫ ০২:১০

আইনশৃঙ্খলাসংক্রান্ত সভার পর নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে ইসি।

নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করে এমন যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় রোববার বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।

ইসি জানায়, যারা নাশকতা, ভাঙচুর বা সহিংসতার মাধ্যমে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তাদের প্রতি মানবিক হওয়ার প্রয়োজন নেই। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার ও মাঠপর্যায়ে যৌথ বাহিনীর অভিযান জোরদারের নির্দেশও দেওয়া হয়েছে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে বৈঠকে তিন বাহিনীর প্রধানদের প্রতিনিধি, পুলিশ, বিজিবি, আনসারসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এর আগে ইসি তিন বাহিনীর প্রধানদের সঙ্গেও আলাদা বৈঠক করে।

বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করার কোনো চেষ্টা বরদাশত করা হবে না। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাঠে যৌথ বাহিনীর উপস্থিতি বাড়ানো হবে এবং এলাকাভিত্তিক চেকপয়েন্ট বসানো হবে।

গণমাধ্যমে সাম্প্রতিক হামলার প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনায় ইসি উদ্বিগ্ন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে।

ইসি দাবি করেছে, সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে, তারা ব্যর্থ হবে এবং নির্বাচনী উৎসবের পরিবেশ বজায় থাকবে।

বায়ান্ননিউজ২৪/এডিটর ইন চীফ

বাংলাদেশ থেকে আরো পড়ুন