প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ ২৩:২৭
বায়ান্ননিউজ২৪ ডেস্ক :
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘দেশে এখন প্রতিহিংসার রাজনীতি চলছে, এ অবস্থার অবসান না হলে দেশের রাজনীতি স্বাভাবিক অবস্থায় আসবে না। এখন মবের দেশ হয়ে গেছে।’
শনিবার (৬ ডিসেম্বর) বিকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টি কার্যালয়ে সংবিধান সংরক্ষণ ও গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোস্তাফিজার রহমান বলেন, ‘দেশে আইনের সঠিক প্রয়োগ হচ্ছে না। দেশ এখন মবের দেশ হয়েছে। মব তৈরি করলে আইনকে রোধ করতে পারবেন, হাইকোর্টের বিচারপতিকে সরাতে পারবেন। মব তৈরি করে নির্বাচন কমিশনে যা যা করতে চান তাই করতে পারবেন।’
তিনি নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে বলেন, ‘এই কমিশনের মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া খুবই কষ্টসাধ্য।’
মোস্তাফিজার রহমান বলেন, ‘জাতীয় পার্টি ভোটের রাজনীতিতে বিশ্বাস করে বলেই শুধুমাত্র ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন ছাড়া সব নির্বাচনেই অংশ নিয়েছে। আমাদের নেতা এরশাদ দুইবার রংপুরের পাঁচটি আসনে বিপুল ভোটে জয়ী হয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। ৯ বছরের শাসনামলে দেশে যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন- জাতি তার অবদান সবসময় স্মরণ করে।’
তিনি জাতীয় পার্টিকে স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে দাবি করে বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত লাল সবুজ পতাকাকে লালন করি। স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ মানুষের আত্মত্যাগ দুই লাখ মা-বানের ইজ্জতের বিনিময়ে মহান স্বাধীনতাকে লালন করি। মহান মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করে তাদের আমরা ঘৃণা করি।’
তিনি বলেন, ‘বর্তমানে নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার- তা নেই। সেই কারণে নির্বাচন কতটুকু সুষ্ঠু ও নিরপেক্ষ হবে তা নিয়ে জনগণের মাঝে সংশয় আছে।’
জামায়াতের তীব্র সমালোচনা করে বলেন, ‘এই দল এখন বেহেশতের টিকিট বিক্রি শুরু করেছে। তাদের দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। এ ধরনের কথা বলে সাধারণ মানুষকে ধোকা দেওয়া যাবে না।’
জেলার আহ্বায়ক আজমল হোসেন লেবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। জাপা কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- প্রেসিডিয়াম সদস্য এম এম ইয়াসিরসহ অন্যরা।
বাংলাদেশ থেকে আরো পড়ুন