বাংলাদেশ

বিজয়ের মাসে খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংকে পরাজিত করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের বিবৃতি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫ ১৯:৪১

আওয়ামী লীগের পতাকা

প্রেস বিজ্ঞপ্তি:

বিজয়ের মাসের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো দখলদার খুনি–ফ্যাসিস্ট ইউনূস গংকে পরাজিত করে দেশকে অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত করার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

আজ ১লা ডিসেম্বর, সোমবার বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম প্রহরে দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ডিসেম্বরে বাঙালি জাতির গৌরবগাঁথা বিজয়ের মাস শুরু হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ত্রিশ লাখ শহিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয় হচ্ছে বাঙালির সম্মিলিত গৌরব। স্বাধীনতার মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনার ওপর দাঁড়িয়েই জাতি নিজের মর্যাদা প্রতিষ্ঠা করেছে।

বিবৃতিতে অভিযোগ করা হয়, স্বাধীনতার পর থেকেই দেশি-বিদেশি স্বাধীনতাবিরোধী শক্তি বাংলাদেশের অর্জনকে ম্লান করার ষড়যন্ত্র চালিয়ে আসছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে ষড়যন্ত্রের মাধ্যমে সাংবিধানিকভাবে নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়ার ঘটনাকে সেই ষড়যন্ত্রের চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগ বলেছে— এ ঘটনার পর দেশ আবারও দুর্যোগের ঘনঘটায় নিমজ্জিত।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বর্তমান অবৈধ দখলদার সরকারের নেতৃত্বে দেশের শিল্পকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকেরা কাজ হারাচ্ছে, কৃষক সার পাচ্ছেন না, অসহায় মানুষ সরকারি ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন।

রাষ্ট্রক্ষমতা জনগণের কল্যাণে নয়, বরং অবৈধ দখলদারদের স্বার্থ রক্ষায় ব্যবহৃত হচ্ছে— এমন অভিযোগ করা হয়।

আওয়ামী লীগের ভাষ্য, দখলদার ইউনূস গং বিদেশি শক্তির স্বার্থে কাজ করছে এবং বাংলাদেশের স্বাধীনতার গৌরব ম্লান করার চেষ্টা করছে। কিন্তু বাঙালি জাতি কখনো পরাজিত হয়নি এবং মাথা নত করেনি।

বিবৃতিতে উদারহরণ তুলে বলা হয়, ভাষা আন্দোলন, ৬ দফা, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান ও ১৯৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে জাতি আবারও দখলদার শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে।

বিজয়ের মাসের শুরুতে আওয়ামী লীগ সকল দেশপ্রেমিক নাগরিক, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে— শহিদদের স্বপ্ন, বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে অবৈধ দখলদারদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন