শাহবাগে হামলার সময়কার চিত্র
রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে বাউল আবুল সরকারকে গ্রেফতারের প্রতিবাদে এবং মানিকগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে আয়োজিত গানের আর্তনাদ অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
আয়োজক ও অংশগ্রহণকারীরা জানান, অনুষ্ঠান চলাকালে জুলাই মঞ্চের কয়েকজন সদস্য সেখানে উপস্থিত হয়ে এ হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, কনসার্ট ফর ঢাকার অনুষ্ঠানের কিছু স্বেচ্ছাসেবকও জুলাই মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে হামলায় অংশ নেয়। এতে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি সৃষ্টি হয়।
বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সামি আবদুল্লাহ বলেন, জুলাই মঞ্চ ও উসমান হাদির ভোট প্রচার সংক্রান্ত কনসার্ট থেকে কিছু ব্যক্তি আমাদের পূর্বঘোষিত কর্মসূচিতে হামলা চালিয়েছে। এটি সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ছিল। কর্মসূচি শুরুর আগেই তারা বিভিন্ন স্থানে জড়ো হয়ে থাকে। তারা আমাদের প্রোগ্রামের ব্যানার ভাঙচুর করেছে।
অংশগ্রহণকারী মিশকাত তানিশা বলেন, হামলাকারীদের একজন তাকে জুতা দিয়ে মারার হুমকি দিয়েছে।
প্রসঙ্গত, একই সময়ে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জুলাই মঞ্চ আয়োজন করে ধর্মীয় মূল্যবোধে আঘাতকারীদের শাস্তির দাবি এবং জাতীয় সম্প্রীতি বিনষ্টে সাংস্কৃতিক চক্রান্ত প্রতিরোধে জুলাই সমাবেশ।
জুলাই মঞ্চের অনুষ্ঠানে উপস্থিত মাসুম বিল্লাহ বলেন, পাশে আমাদের কর্মসূচি চলছিল এবং আমরা তাদের বুঝিয়েছি যাতে ধর্ম নিয়ে কটূক্তিকারীদের পক্ষ নিয়ে কোনও অনুষ্ঠান না করে। কিন্তু তারা তা শোনেনি। এরা যেকোনও পরিস্থিতিতে মেয়েদের সামনে দিয়ে এগিয়ে আসে। এরা মেয়ে নয় সন্ত্রাসী। তাদের সামনে দিয়েই তারা আক্রমণ চালিয়েছে।
অন্যদিকে আয়োজকদের একজন মো শাহরিয়ার আলম বলেন, বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে আয়োজিত অনুষ্ঠানে আমরা জানিয়েছিলাম এখানে কোন প্রকার সাংস্কৃতিক ফ্যাসিজম চলবে না।
আরেক আয়োজক মো ওয়াসীর জানান, আমরা বলেছিলাম আপনারা বাউলদের পক্ষে আন্দোলন করুন কিন্তু আবুল সরকারের নামটি সরাতে হবে।
গানের আর্তনাদ আয়োজকদের একজন মার্জিয়া প্রভা বলেন, বাউল আবুল সরকারের মুক্তি এবং সারা দেশে বাউলদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে জুলাই মঞ্চ মব হামলা করে। তারা প্রথমে এসে মাইকে চিৎকার শুরু করে যে আবুল সরকারের নাম মুছে দিতে হবে। আমাদের ব্যাকড্রপ ভেঙে দিয়েছে। আমাদের বন্ধুরা দৃঢ়ভাবে এই মব প্রতিহত করেছে।
তিনি জানান, হামলার পরও কর্মসূচি বন্ধ হয়নি। সন্ধ্যা ছয়টায় মশাল মিছিলের মাধ্যমে সারা বাংলায় বাউলদের ওপর হামলার প্রতিবাদ এবং আবুল সরকারের মুক্তির দাবি জানানো হবে।
বায়ান্ননিউজ২৪/আবির
বাংলাদেশ থেকে আরো পড়ুন