প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ ১৭:৩৭
ছবি: বিবিসি
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস ওয়াইল্ডবেরিজ (Wildberries)-এর একটি গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলে, মস্কো থেকে প্রায় ১৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত ওই স্থাপনায় হামলার পর আগুন ও ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।
বিবিসি ভেরিফাই প্রকাশিত ভিডিও ও বিভিন্ন উন্মুক্ত তথ্য বিশ্লেষণ করে হামলার স্থান ও বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছে।
ওয়াইল্ডবেরিজকে প্রায়ই ‘রাশিয়ার অ্যামাজন’ বলা হয়। প্রতিষ্ঠানটির মূল কোম্পানির বাজারমূল্য প্রায় ১২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠানটির একাধিক গুদাম ও লজিস্টিক হাবে ধারাবাহিকভাবে ড্রোন হামলা হয়েছে।
ইউক্রেনের দাবি, এসব গুদাম রুশ সামরিক বাহিনীর রসদ ও সরঞ্জাম সরবরাহে ব্যবহৃত হচ্ছে। তবে রাশিয়া এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, এগুলো সম্পূর্ণ বেসামরিক বাণিজ্যিক অবকাঠামো।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে বলেছিলেন, রাশিয়ার অভ্যন্তরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার মাধ্যমে "যুদ্ধকে রাশিয়ার ঘরে ফিরিয়ে আনা" হচ্ছে।
বিবিসি ভেরিফাইয়ের তথ্য অনুযায়ী, জুলাইয়ের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত অন্তত ৯টি ওয়াইল্ডবেরিজ গুদাম ও লজিস্টিক কেন্দ্রে হামলার প্রমাণ মিলেছে।
এর আগে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, হামলায় নিহত কর্মীদের পরিবার ও আহতদের জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদেরও আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। কোম্পানিটির মাধ্যমে রাশিয়ার প্রায় ৯৭ হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠান পণ্য বিক্রি করে।
গত কয়েক দিনে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আরও তীব্র হয়েছে। উভয় দেশই শত শত ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কৃষ্ণসাগরে ইউক্রেনের নিয়ন্ত্রিত অংশে সামরিক সরঞ্জাম বহনকারী তিনটি জাহাজে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে আজভ সাগরে নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠন করেছে মস্কো।
বিশ্লেষকদের মতে, যুদ্ধের শুরুতে অধিকাংশ রুশ নাগরিকের কাছে সংঘাতটি ছিল সীমান্তবর্তী অঞ্চলের একটি ঘটনা। কিন্তু জ্বালানি স্থাপনা, রেল অবকাঠামো এবং এখন বড় বড় বাণিজ্যিক গুদামে ধারাবাহিক হামলার ফলে যুদ্ধের প্রভাব ক্রমেই রাশিয়ার অভ্যন্তরে আরও স্পষ্ট হয়ে উঠছে।
বিশ্ব থেকে আরো পড়ুন