ফ্রান্স-স্পেনে ২ লাখের বেশি মানুষ সরিয়ে নেওয়া হয়েছে
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ ১২:০১
ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানলের কারণে ইউরোপজুড়ে জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দ্রুত ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। পরিস্থিতির অবনতি হওয়ায় দুই দেশ মিলিয়ে ২ লাখ ২০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ফ্রান্সে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিরোন্দ (Gironde) ও ল্যান্ডেস (Landes) অঞ্চলে। সেখানে প্রায় ২ লাখ মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। শুধু বোর্দো শহরের উপকণ্ঠ থেকেই নতুন করে প্রায় ৬০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রোটেকশন ব্যবস্থার আওতায় চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া থেকে ব্ল্যাক হক হেলিকপ্টারসহ অতিরিক্ত সহায়তা চেয়েছে ফ্রান্স।
ফ্রান্সে পুড়ে গেছে ১৯ হাজার হেক্টরের বেশি বনভূমি
কর্তৃপক্ষ জানিয়েছে, জিরোন্দ অঞ্চলের দাবানলে ইতোমধ্যে ১৯ হাজার হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে এবং ধ্বংস হয়েছে অন্তত ৮০টি বাড়ি। জনপ্রিয় পর্যটন এলাকা ক্যাপ ফেরে (Cap Ferret) উপদ্বীপ সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে। অনেক মানুষকে নৌপথে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনেজ জানান, দাবানলে অন্তত ৫০ জন দমকলকর্মী আহত হয়েছেন। তিনি বলেন, আগুনের তীব্রতা এত বেশি যে এটি নিজেই নতুন আগুন সৃষ্টি করছে এবং বাতাসের দিক পরিবর্তনের সঙ্গে দ্রুত বিস্তার লাভ করছে।
স্পেনে জাতীয় জরুরি অবস্থা
অন্যদিকে স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলে একাধিক দাবানল একত্রিত হয়ে বিশাল আকার ধারণ করেছে। দেশটির সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে।
এ পর্যন্ত প্রায় ২৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আরও ৪০ হাজার মানুষকে ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
মাদ্রিদ অঞ্চলের জরুরি ব্যবস্থাপনা প্রধান কার্লোস নোভিয়ো বলেন, আগুনের তীব্রতা বর্তমানে দমকল বাহিনীর নিয়ন্ত্রণক্ষমতার বাইরে চলে গেছে। কিছু এলাকায় আগুনের বিরুদ্ধে সরাসরি অভিযান চালানো সম্ভব হচ্ছে না, তাই জনবসতি রক্ষায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হাজার হাজার হেক্টর বনভূমি ধ্বংস
স্পেনের মাদ্রিদ অঞ্চলে প্রায় ৬ হাজার হেক্টর এবং পার্শ্ববর্তী আভিলা (Ávila) প্রদেশে প্রায় ৯ হাজার হেক্টর বনভূমি আগুনে পুড়ে গেছে। অন্তত আটটি পৌর এলাকা সম্পূর্ণ খালি করা হয়েছে। আরও কয়েকটি শহরে লকডাউন জারি রয়েছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের ঘোষণা দিয়ে নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী খরা, তীব্র তাপপ্রবাহ এবং প্রবল বাতাস দাবানলের ভয়াবহতা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস বলছে, ইউরোপ বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ। ফলে বনভূমি আরও শুষ্ক হয়ে পড়ছে এবং সামান্য স্ফুলিঙ্গ থেকেও দ্রুত দাবানল ছড়িয়ে পড়ছে।
সূত্র: বিবিসি, রয়টার্স, এএফপি।
বিশ্ব থেকে আরো পড়ুন