লাইফস্টাইল

ইংল্যান্ডে মানসিক স্বাস্থ্য সংকটে শিশু-কিশোররা, এক বছরে মিলিয়নের বেশি রেফারেল

প্রকাশ: ২৯ জুন ২০২৬ ১৮:০১

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডে শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ১০ লাখেরও বেশি শিশু-কিশোরকে মানসিক স্বাস্থ্যসেবার জন্য রেফার করা হয়েছে, যা দেশটির প্রতি ১০ জন শিশুর মধ্যে প্রায় একজনের সমান।

শিশুবিষয়ক কমিশনার ডেম র‍্যাচেল ডি সুজার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরের ব্যবধানে রেফারেলের সংখ্যা প্রায় ১০ শতাংশ বেড়েছে। ২০১৮-১৯ সালের তুলনায় এ সংখ্যা প্রায় দ্বিগুণ।

প্রতিবেদনে দেখা গেছে, সবচেয়ে বেশি শিশু উদ্বেগজনিত (Anxiety) সমস্যায় ভুগছে। মোট রেফারেলের ১৬ শতাংশই ছিল উদ্বেগের কারণে। এছাড়া অটিজম সন্দেহে রেফারেলের সংখ্যা এক বছরে প্রায় ৫০ শতাংশ বেড়ে ৯৬ হাজার ছাড়িয়েছে।

একই সময়ে এডিএইচডি (ADHD), টুরেট সিনড্রোমসহ অন্যান্য স্নায়বিক বিকাশজনিত সমস্যার রেফারেলও প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তবে উদ্বেগের বিষয় হলো, রেফার করা শিশুদের এক-তৃতীয়াংশেরও বেশি এখনো চিকিৎসার অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ৬০ হাজারের বেশি শিশু দুই বছরেরও বেশি সময় ধরে প্রয়োজনীয় সেবা পেতে অপেক্ষা করছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

অটিজম বা অন্যান্য নিউরোডেভেলপমেন্টাল সমস্যায় আক্রান্ত বলে সন্দেহভাজন শিশুদের মধ্যে পাঁচজনের একজনেরও কম চিকিৎসা পেয়েছে। যারা চিকিৎসা পেয়েছে, তাদের গড়ে প্রায় এক বছর অপেক্ষা করতে হয়েছে।

ডেম র‍্যাচেল ডি সুজা বলেন, মানসিক স্বাস্থ্যসেবার চাহিদা যেভাবে বাড়ছে, বর্তমান স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা ও অর্থায়ন তা সামাল দিতে পারছে না। তিনি স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সেবার সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্কুল ও কমিউনিটি পর্যায়ে দ্রুত সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।

প্রতিবেদনে আরও উঠে এসেছে, কৃষ্ণাঙ্গ ও এশীয় শিশুদের মানসিক স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার তুলনামূলক কম। অনেক ক্ষেত্রে তারা সংকটজনক অবস্থায় পৌঁছানোর পরই চিকিৎসার জন্য রেফার হচ্ছে। একই সঙ্গে দরিদ্র এলাকার শিশুরা ধনী এলাকার শিশুদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তার মুখোমুখি হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় দ্রুত ও সমন্বিত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

লাইফস্টাইল থেকে আরো পড়ুন