লাইফস্টাইল

অন্ধকারে ফোন ব্যবহার কতটা ক্ষতিকর?

প্রকাশ: ১০ জুন ২০২৬ ০৪:২১

ঘুমানোর আগে বিছানায় শুয়ে স্মার্টফোন ব্যবহার এখন অনেকের দৈনন্দিন অভ্যাস। তবে চিকিৎসক ও গবেষকরা বলছেন, সম্পূর্ণ অন্ধকারে দীর্ঘ সময় ফোনের উজ্জ্বল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা চোখ ও ঘুমের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক গবেষণাগুলোতে ‘ট্রানজিয়েন্ট স্মার্টফোন ব্লাইন্ডনেস’ বা সাময়িক স্মার্টফোনজনিত দৃষ্টিবিভ্রাটের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

চক্ষুবিজ্ঞান বিষয়ক গবেষণা অনুযায়ী, অন্ধকার ঘরে একপাশে কাত হয়ে শুয়ে ফোন ব্যবহার করলে একটি চোখ স্ক্রিনের আলোতে অভ্যস্ত হয়ে যায়, অন্য চোখ অন্ধকারে থাকে। পরে ফোন সরিয়ে ফেললে কয়েক মিনিটের জন্য একটি চোখে ঝাপসা দেখা বা সাময়িক দৃষ্টিশক্তি কমে যাওয়ার অনুভূতি তৈরি হতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে ‘ট্রানজিয়েন্ট স্মার্টফোন ব্লাইন্ডনেস’ বলা হয়। যদিও এটি সাধারণত স্থায়ী ক্ষতির কারণ নয় এবং কয়েক মিনিটের মধ্যেই স্বাভাবিক হয়ে যায়।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সমস্যা অনেক সময় স্ট্রোক বা চোখের গুরুতর রোগের উপসর্গ বলে ভুল বোঝা হয়। তবে রোগীর বিস্তারিত ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে এটি অন্ধকারে স্মার্টফোন ব্যবহারের সঙ্গে সম্পর্কিত একটি সাময়িক শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া।

চোখের ওপর চাপও বাড়াতে পারে রাতের ফোন ব্যবহার। অন্ধকার পরিবেশে উজ্জ্বল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখ শুষ্ক হয়ে যাওয়া, জ্বালাপোড়া, মাথাব্যথা এবং চোখে ক্লান্তি দেখা দিতে পারে। কারণ স্ক্রিন ব্যবহারের সময় মানুষ স্বাভাবিকের তুলনায় কম পলক ফেলে।

তবে ঘুমের ক্ষেত্রে নীল আলোর (Blue Light) প্রভাব নিয়ে সাম্প্রতিক গবেষণায় কিছুটা ভিন্নমতও উঠে এসেছে। আগে ধারণা করা হতো স্মার্টফোনের নীল আলো সরাসরি মেলাটোনিন হরমোন কমিয়ে ঘুমে ব্যাঘাত ঘটায়। নতুন কিছু গবেষণায় দেখা গেছে, শুধু নীল আলো নয়, বরং আলোর উজ্জ্বলতা, ব্যবহারের সময়কাল এবং ফোনে দেখা কনটেন্টও ঘুমের ওপর বড় প্রভাব ফেলে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, ফোনের স্ক্রিন থেকে নির্গত আলো দিনের আলোর তুলনায় অনেক কম শক্তিশালী। তবে গভীর রাত পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, ভিডিও দেখা বা মানসিক উত্তেজনামূলক কনটেন্টে ডুবে থাকা ঘুমের মান খারাপ করতে পারে।

চক্ষু বিশেষজ্ঞদের পরামর্শ, সম্পূর্ণ অন্ধকারে ফোন ব্যবহার না করে হালকা আলো জ্বালিয়ে ব্যবহার করা, স্ক্রিনের উজ্জ্বলতা কম রাখা এবং ঘুমানোর অন্তত ৩০ মিনিট আগে ফোন দূরে রাখা ভালো। পাশাপাশি দীর্ঘ সময় স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে নিয়মিত বিরতি নেওয়া ও চোখকে বিশ্রাম দেওয়ার পরামর্শও দিয়েছেন তারা।

গবেষকদের মতে, স্মার্টফোন আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও সচেতন ব্যবহারই চোখের স্বাস্থ্য ও ভালো ঘুম নিশ্চিত করার সবচেয়ে কার্যকর উপায়।

লাইফস্টাইল থেকে আরো পড়ুন