রাজনীতি

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

প্রকাশ: ০৭ জুন ২০২৬ ১৭:৪১

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং চলতি সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। 

রোববার (৭ জুন) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটের ওপর সরকার ও বিরোধী দলের সদস্যদের আলোচনার পর আগামী ৩০ জুন তা পাস হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী এ অধিবেশন আহ্বান করেন।

অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হয়। বাজেট অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীর কয়েকটি এলাকায় আগ্নেয়াস্ত্র বহন, মিছিল, সমাবেশ ও শোভাযাত্রার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

প্রথম দিনের কার্যসূচিতে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন, শোকপ্রস্তাব উত্থাপন এবং প্রশ্নোত্তর পর্ব অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। বিধি-৭১ অনুযায়ী জরুরি জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হবে।

এদিন জ্বালানি খাতসংক্রান্ত একটি বিশেষ কমিটির প্রতিবেদনও সংসদে উপস্থাপন করা হবে। প্রতিবেদনটি উপস্থাপন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাজেট আলোচনার পাশাপাশি চলতি অধিবেশনে সংবিধান সংস্কার, সংসদীয় স্থায়ী কমিটি গঠন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে আলোচনা হতে পারে। সরকার সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আরও সক্রিয় করার উদ্যোগ নিয়েছে বলেও জানা গেছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস হয় এবং পাঁচটি স্থায়ী কমিটি ও দুটি বিশেষ কমিটি গঠন করা হয়।

রাজনীতি থেকে আরো পড়ুন