রাজনীতি

দীর্ঘ কারাবাস শেষে মুক্ত আইভী গভীর রাতে ফিরলেন ‘চুনকা কুটিরে’

প্রকাশ: ০৪ জুন ২০২৬ ০৩:৪২

দীর্ঘ এক বছরেরও বেশি সময় কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী।

বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

কারা কর্তৃপক্ষ জানায়, আদালত থেকে জামিন পেলেও প্রয়োজনীয় কাগজপত্র বুধবার সন্ধ্যায় কারাগারে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার।

কারামুক্তির পর পরিবারের সদস্যদের সঙ্গে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেন আইভী। রাত ১২টা ২৫ মিনিটে তিনি শহরের দেওভোগ এলাকার পারিবারিক বাসভবন ‘চুনকা কুটিরে’ পৌঁছান। সেখানে আত্মীয়-স্বজন, স্থানীয় বাসিন্দা ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বাড়িতে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে আইভী বিচার বিভাগ, বর্তমান সরকার এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বিচার বিভাগের প্রতি আমি কৃতজ্ঞ। বর্তমান সরকারের প্রতিও ধন্যবাদ জানাই। আমি চাই সবাইকে নিয়ে বাংলাদেশ এগিয়ে যাক। কারাগারে আমার মতো আরও অনেক নিরপরাধ মা আছেন, তাদের প্রতিও মানবিক দৃষ্টি দেওয়া হবে বলে আশা করি।”

আইভীর বাড়িকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাত থেকেই পুলিশ, গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তিনি নিজ বাসভবনে প্রবেশ করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসভবন থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে ঘিরে দায়ের হওয়া হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় তাকে আসামি করা হয়। সব মামলায় জামিন লাভের পর অবশেষে কারামুক্ত হলেন সাবেক এই সিটি মেয়র।

রাজনীতি থেকে আরো পড়ুন