বাংলাদেশ

বাংলাদেশে টানা ৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হতে পারে লাইসেন্স

প্রকাশ: ২৩ মে ২০২৬ ১৭:১৯

ছবি: বায়ান্ননিউজ

গণপরিবহন চালকদের নির্ধারিত সময়ের বেশি একটানা গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি জানিয়েছে, নিয়ম ভেঙে দীর্ঘসময় গাড়ি চালালে চালকের ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন বাতিল পর্যন্ত করা হতে পারে।

শনিবার (২৩ মে) বিআরটিএ সদর দপ্তর থেকে প্রকাশিত এক সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতিরিক্ত সময় গাড়ি চালানোর ফলে চালকদের মধ্যে ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা তৈরি হয়। এতে সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে এবং চালক, যাত্রী ও পথচারীদের প্রাণহানির আশঙ্কা সৃষ্টি হয়।

বর্তমান মোটরযান আইন অনুযায়ী, একজন চালক একটানা সর্বোচ্চ ৫ ঘণ্টা গাড়ি চালাতে পারবেন। এরপর কমপক্ষে আধা ঘণ্টা বিশ্রাম নিতে হবে। বিশ্রামের পর আরও সর্বোচ্চ ৩ ঘণ্টা গাড়ি চালানো যাবে। অর্থাৎ দিনে মোট ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালানো আইনত নিষিদ্ধ।

এছাড়া সপ্তাহে একজন চালকের সর্বোচ্চ কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে ৪৮ ঘণ্টা।

বিআরটিএ জানিয়েছে, এসব নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ড্রাইভিং লাইসেন্স বাতিলের পাশাপাশি সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশনও স্থগিত বা বাতিল করা হতে পারে।

সড়ক দুর্ঘটনা কমাতে পরিবহন মালিক ও চালকদের নির্ধারিত কর্মঘণ্টা মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ থেকে আরো পড়ুন